ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায় ভুলভাবে উপস্থাপনের অভিযোগে যমুনা বিল্ডার্সের ব্যাবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আদালত আবমাননার মামলা হয়েছে।
রোববার বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-র চেয়ারম্যান এ মামলা করেন।
সোমবার এ বিষয়টি আবেদনপত্র আকারে আদালতে উঠবে বলে জানিয়েছেন রাজউকের আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন।
গত বুধবার যমুনার রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরের দিন যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, "যমুনা বিল্ডার্সের ব্যাবস্থাপনা পরিচালক শামীম ইসলাম রাজউকে একটি আপিল করেছেন।
এতে তিনি উল্লেখ করেন, 'আদালতের নির্দেশনা অনুযায়ী আপিল করলাম।' কিন্তু আপিল করার বিষয়ে হাইকোর্টের রায়ে কোনো নির্দেশনা ছিল না।"
তিনি আরও বলেন, "এভাবে আপিল করায় আদালতের রায় ভুলভাবে উপস্থাপন করে আদালতকে অবমাননা করা হয়েছে। এই অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।"
১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের এই যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২১৪১ ঘ.
bdnews24