২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৫

লক্ষ্মীপুরে এক এইচএসসি পরীক্ষার্থীসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় রোববার পাঁচজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 01:34 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুরে এক এইচএসসি পরীক্ষার্থীসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় রোববার পাঁচজন মারা গেছেন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাটে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর চাকায় পিষ্ট হয়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী মাহবুব আলম ওরফে বাপ্পী (১৯)। ঘটনার পর কলেজের ছাত্ররা বাসটি ভাঙচুর করে। আটক চালক ও তার সহকারীকে তাদের হাতে তুলে দিতে থানা ঘেরাও করে তারা। এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় হাজিরহাট থানার ওসি শাহ আলম জানান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ট্রাক চাপায় মারা গেছেন অটোরিকশার দুই আরোহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: লক্ষ্মীপুর: নিহত বাপ্পীর বাড়ি কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া গ্রামে। তিনি হাজিরহাটের উপকূল কলেজের ছাত্র ছিলেন। হাজিরহাট থানার ওসি শাহ আলম সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে কলেজে আসার পথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় বাসচালকের সহকারীর সঙ্গে। সহকারী বাপ্পীকে কলেজের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, পুলিশ বাসচালক মনোয়ার হোসেন ও তার সহকারী শরীফকে বাসসহ আটক করে থানায় নিয়ে যায়। এ সময় কলেজ ছাত্র ও স্থানীয় লোকজন থানা ঘেরাও করে। এক পর্যায়ে বাসটিতে আগুন দিতে যায় তারা ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ এ সময় এগারো রাউন্ড কাঁদানে গ্যাসের শেল এবং ছয় রাউন্ড রাবার বুলেট ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। ব্রাহ্মণবাড়িয়া: সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মারা গেছেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার জাবেদ মিয়া (৩২) ও একই উপজেলার মিরপুর গ্রামের টিটু মিয়া (২৯)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানান মহাসড়ক পুলিশের বিশ্বরোড খাটিহাতা ফাঁড়ির সার্জেন্ট সারোয়ার আলম। তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, "হবিগঞ্জ থেকে ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক টিটু ও জাবেদ মারা যান।" ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জামালপুর: সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তমিজ উদ্দিন সাংবাদিকদের জানান, সকাল ১০টায় যমুনা সার কারখানা থেকে সার নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৪-৮২২৫) সরিষাবাড়ি যাওয়ার পথে তারাকান্দি এলাকার গেন্দারপাড়ায় অটোরিকশাটিকে চাপা দেয়। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম- মোজাম্মেল হক। তার বাড়ি সরিষাবাড়ির রাইদেরপাড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/১৯২৬ ঘ.