ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনে রাজধানীর সড়কে দুর্ঘটনায় দুটি শিশুর মৃত্যুর পর গাড়ির গতি নিয়ন্ত্রণে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) সরকারের প্রতি আদেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চের দেওয়া আদেশে ট্রাফিক আইন কার্যকর ও নিয়মিত বৈধ লাইসেন্স পরীক্ষার মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ কেন করা হবে না তার কারণ জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশপ্রধান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান ও রাজধানীর চারটি ট্রাফিক জোনের ডেপুটি কমিশনারদের কাছে এর জবাব চাওয়া হয়েছে।
এ জন্য সময় দেওয়া হয়েছে আগামী তিন সপ্তাহ।
হাইকোর্ট আগামী ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদনও আদালতে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পরবর্তী প্রতি মাসে এ ধরনের প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়েছে।
২০০৮ এ হাইকোর্টের এক আদেশে যানবাহনের গতি নিয়ন্ত্রক সিল স্থাপনের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাও জানতে চেয়েছে আদালত।
গত বুধবার কাকরাইলে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র হামীম শেখ (৬)। এর একদিন পরই তেজগাঁওয়ে মারা যায় সুমী নামে ৭ বছরের আরেকটি শিশু।
এ দুর্ঘটনা দুটি নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলো রোববার আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ও ড. মো. শাহজাহান। এরপরই হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24