নেত্রকোনা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন রোববার মারা গেছেন।
৭২ বছর বয়সি এ আওয়ামী লীগ নেতা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সকাল ৭টায় ঢাকার রেনেসাঁ হাসপাতালে তার মৃত্যু হয় বলে মোশারফ হোসেনের স্বজনরা জানিয়েছেন।
তারা জানান, পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ঈদগা মাঠে জানাজার পর গোয়ালাকান্দা ইউনিয়নের লাউখাই গ্রামের পারিবারিক কবরস্থানে রাতে মোশারফকে দাফন করা হবে।
মোশারফ ১৯৭৯ ও ১৯৯১ সালে নেত্রকোনা-৫ (পূর্বধলা-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, জাতীয় পরিষদের সদস্য জালাল উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি শামছুজ্জোহা, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, আশরাফ আলী খান খসরু, মঞ্জুর কাদের কোরাইশী শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩২০ ঘ.
bdnews24