রাঙামাটি, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট নিরসনে সরকার সারা দেশে ২০ হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন।
তিনি বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন কারণে ছুটিতে থাকায় অনেক সময় শিক্ষকের সঙ্কট তৈরি হয়। যার কারণে বিদ্যালয়ও বন্ধ থাকে। তাই শিক্ষক সঙ্কট নিরসনের লক্ষ্যে ২০ হাজার প্যারা (অস্থায়ী) শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।"
পার্বত্যাঞ্চলে প্রাথমিক শিক্ষক ও শিক্ষার গুণগত মান উন্নয়নে শনিবার রাঙামাটি পৌরসভা চত্বরে আয়োজিত এক শিক্ষক ও সুধী সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
অন্যান্য শিক্ষা ব্যবস্থার মতো প্রাথমিক শিক্ষা ব্যবস্থারও গুণগত মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "সরকার ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন করতে হলে ২০১১ সালের মধ্যে সকল শিশুকে বিদ্যালয় আনতে হবে। এ উদ্যোগ বাস্তবায়ন করতে শিক্ষকদের আরো বেশি উদ্যোগী হতে হবে।"
তিনি বলেন, দুর্গম পার্বত্য এলাকায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনা অচিরেই বাস্তবায়ন করা হবে।
রাঙামাটি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশেসিং, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, প্রথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুল মজিদ শাহ আকন্দ, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আবুল কালাম ফজলুল হক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24