২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় আগুনে ক্ষয়ক্ষতি

বরগুনা, কুড়িগ্রাম ও মৌলভীবাজারে শুক্রবার রাতে আগুনে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 01:58 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা, কুড়িগ্রাম ও মৌলভীবাজারে শুক্রবার রাতে আগুনে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বরগুনার বামনা উপজেলায় ২২টি ব্যবসা প্রতিষ্ঠান, কুড়িগ্রামের চিলমারীর ২৫টি ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বরগুনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- বরগুনা: একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন বামনা থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ। তিনি জানান, রাত ১টায় আগুন লাগে। বামনায় দমকল স্টেশন না থাকায় পিরোজপুরের মঠবাড়িয়া থেকে দমকলের দুইটি ইউনিট আসে। দমকলকর্মীরা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত লিটন, আবুল কালাম আজাদ, ফরহাদ হোসেন, মনির হোসেন, সুরভী আক্তার, সুরমা বেগম, আল আমিন, রাজা মিয়া, দুলাল, আবু, নুর জামাল ও রাসেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। শনিবার সকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর ও বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন। আরো সহায়তা দেওয়া হবে বলে সংসদ সদস্য গোলাম সবুর সাংবাদিকদের জানান। কুড়িগ্রাম: চিলমারী উপজেলার রমনা'র সরকার বাড়ী গ্রামে রাত ১২টার দিকে একটি বাড়ির কুপি থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা নিজেদের চেষ্টায় নেভানোর কথা বললেও দমকল কর্তৃপক্ষের দাবি তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ও এলাকাবাসী জানান, স্থানীয়রা একঘণ্টার চেষ্টায় আগুন নেভানোর পর দমকলের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের ২৫টি ঘর পুড়ে যায়। পরিবারগুলোর ১৭০ মণ ধান, নগদ ৫০ হাজার টাকা ও হাঁস মুরগি পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ইউপি চেয়ারম্যান জানান। তিনি জানান, চিলমারী উচ্চ বিদ্যালয়ের নাসরীন খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থীর সব বইপত্র পুড়ে গেছে। আর কয়েকদিন পরই তার পরীক্ষা। এদিকে কুড়িগ্রাম দমকলের উপ-সহকারী পরিচালক সিরাজুল ইসলাম তরফদার বলেন, উলিপুরের একটি ইউনিট গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার আলিশারকুল গ্রামে আগুনে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় সাড়ে তিনলাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল কর্তৃপক্ষ জানায়। পুড়ে যাওয়া বাড়ির মালিক শ্রীমঙ্গল উপজেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম অভিযোগ করেন, "পল্লীবিদ্যুৎ সমিতির দায়িত্বহীনতার কারণে তার এবং সহোদর নামদার আলীর দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।" তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার পর ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার বিদ্যুৎ চলে এলে বিকট শব্দে বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ওই সময় ঘরের ভেতর আগুন নেভাতে ব্যস্ত ছিলেন শ্রীমঙ্গল দমকলের স্টেশন ম্যানেজার মোহাম্মদ ইদ্রিছ, দমকল কর্মী রাধামনি সিংহ ও এলাকার বাসিন্দা লেদু মিয়া। তারা দ্রুত ছুটে ঘর থেকে বেরিয়ে আসেন। মোহাম্মদ ইদ্রিছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছে পল্লী বিদ্যুৎ সমতিতে ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার অনুরোধ করি। তাৎক্ষণিক বিদ্যুৎ বন্ধ করে দিলে দমকলের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ১০ মিনিট পর আবার বিদ্যুৎ চলে আসে।" মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাবিবুর রহমান আখন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই এলাকার পারভেজ নামের এক বাসিন্দার ফোন পেয়ে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। কিছুক্ষণের মধ্যে তারই অনুরোধে আবার সরবরাহ চালু করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৫ ঘ.