২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের নৌযান কেনায় নিয়মের বেড়াজাল

নদী এবং হাওর এলাকার থানাগুলোতে এক সময় স্পিডবোট ছিলো; কিন্তু এখন নিয়মের বেড়াজালে ট্রলার চেয়েও তা পাচ্ছে না পুলিশ। সায়েদুল ইসলাম তালাত-এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 06:27 AM

Updated : 24 Aug 2022, 06:38 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী এবং হাওর এলাকার থানাগুলোতে এক সময় স্পিডবোট ছিলো; কিন্তু এখন ট্রলার চেয়েও তা পাচ্ছে না পুলিশ। এ জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করছেন পুলিশ কর্মকর্তারা। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার অবশ্য ট্রলারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানান, দেশের ২০টি থানা রয়েছে, যার অধিকাংশ এলাকা নদী অথবা জলাশয়। সেখানে অপরাধী ধরতে নৌযান ব্যবহার করতে হয়। এছাড়া আরো প্রায় দেড়শ থানা রয়েছে, যেখানের পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে নদী ও হাওর এলাকায়। কয়েকদিন আগে যমুনায় মাদকবিক্রেতাদের ধরতে গিয়ে এক পুলিশ সদস্য নদীতে ডুবে যান। শনিবার পর্যন্তও তার কোনো সন্ধান মেলেনি। ট্রলার কেনার জন্য গত অর্থ বছরে ২ কোটি টাকা বরাদ্দ করা হলেও মন্ত্রণালয়ের অনাগ্রহে তা ব্যবহার করতে পারা যায়নি। এবারো বরাদ্দ করা ২ কোটি টাকাও ফেরত যায় কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে পুলিশ বিভাগে। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানিবহুল থানাগুলোর জন্যে স্থানীয়ভাবে নির্মিত ট্রলার কেনার একটি প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটি হলে এসব থানার যাতায়াতে অনেক সুবিধা হবে।" তিনি জানান, এ সংক্রান্ত গত বছর পাঠানো প্রস্তাবটি প্রাধিকারে না থাকার কথা বলে ফেরত পাঠানো হয়েছে। এ বছর পুনরায় প্রস্তাবটি পাঠানো হয়েছে, ২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত বছরের ডিসেম্বরে এ সব ইঞ্জিনচালিত ট্রলার কেনার জন্য দরপত্র আহ্বান করেছে পুলিশ। সাতটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়, তবে এ পর্যন্ত এসেই আটকে গেছে। মন্ত্রণালয়ের অনুমতি না থাকার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না বলে পুলিশ কর্মকর্তাদের অভিযোগ। তারা জানান, ১৯৮২ সালের 'টেবিল অব অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্ট (টিওঅ্যান্ডই)' বা ক্রয়ের প্রাধিকার তালিকা অনুযায়ী পুলিশের মালামাল কেনা হয়। এই তালিকায় পরে ছোটখাট সংশোধন হলেও তেমন পরিবর্তন আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যখন এ প্রাধিকার তালিকা তৈরি করা হয়, তখনকার তুলনায় পুলিশের জনবল, থানা ও চাহিদা বেড়েছে কয়েকগুণ। কিন্তু প্রাধিকার রয়ে গেছে ২৮ বছর আগের মতোই। ফলে পুলিশের প্রয়োজনের সাথে প্রাপ্তির আকাশ-পাতাল ফারাক তৈরি হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের ট্রলার কেনার টাকা গতবছর ফেরত গেলেও আশা করছি এ বছর আর ফেরত যাবে না। এর মধ্যেই আমরা তাদের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছি।" "প্রাধিকারে না থাকলেও বিশেষ বিবেচনায় যাতে এটি করা যায়, সে বিষয়ে ভেবে দেখা হচ্ছে", বলেন সচিব। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলমগ্ন এলাকার থানাগুলোতে অতীতে স্পিডবোট থাকলেও এর ব্যয় বেশি বলে ট্রলার কেনার প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, অনেক আগে কেনা প্রায় সব স্পিডবোট নষ্ট হয়ে যাওয়ায় ট্রলার ভাড়া করেই এখন কাজ চলছে। পুলিশ কর্মকর্তারা বলেন, একটি স্পিডবোট কিনতে খরচ হয় ৪০ লাখ টাকা, কিন্তু একটি ভালো ট্রলার ৪ থেকে ৬ লাখ টাকায় পাওয়া যায়। ট্রলারের তেল খরচও স্পিডবোটের তুলনায় ১০ ভাগ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এমআই/১২১২ ঘ.