মাদারীপুর, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলায় শুক্রবার আগুন লেগে ৩৫টি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন।
উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মোজাফরপুর গ্রামে দুপুর আড়াইটার দিকে রহমান বেপারির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ জানিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস ও শিবচর থানার ওসি আবদুল জলিল সাংবাদিকদের জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের মনাই খলিফা, লতিফ, মতি, আবুল, আলতা, জালাল, বিরাজ, সিরাজ, কেরাম, কামাল, কালু খলিফা, দানেশ বেপারি ও রহম বেপারির বসতঘরসহ প্রায় ৩৫টি ঘর পুড়ে যায়।
আগুন নেভাতে গিয়ে সিরাজ নামের একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তারা জানান।
উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টাকা ও কম্বল বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৪ ঘ.
bdnews24