২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশ এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 03:06 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশ এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালুপাড়া গ্রামের ইয়াকুব আলী (৩৫) সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বৃহস্পতিবার তাড়াশ থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে মারধর করে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাড়ার থানার ওসি মো. মোখলেছুর রহমান অভিযোগ স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, হাসপাতালে ভর্তি হওয়ার মত জখম হননি ইয়াকুব। ইয়াকুব সাংবাদিকদের জানান, পশ্চিমাঞ্চল গ্যাস লাইনের পাইপ স্থাপনের কাজে নিয়োজিত ঠিকাদারের লোকজন পানি সেচে তার জমিতে ফেলায় ধানের চারা তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। তাই তিনি পানি তার জমিতে ফেলতে নিষেধ করেন। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় বৃহস্পতিবার দারোগা আমিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে এসে মারধর করতে শুরু করেন। আমিরুল তাকে 'কুত্তার বাচ্চা' বলে গালি দিয়ে বলেছেন 'তোর কলিজা ছিড়া ফালামু, থানায় চল, রাতেই ওপারে পাঠাইয়া দিমু'। ইয়াকুব আরো বলেন, তাকে মারধরের কারণ জানতে চাইলে দারোগা বলেছেন 'আগে পা দুইটা কাইটা হাতে ধরাইয়া দেই তখন বুঝবি কি অভিযোগ তোর নামে'। উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দারোগা আমিরুল নিরপরাধ কৃষক ইয়াকুবকে নির্যাতন করেছেন। তাড়াশ থানার ওসি মো. মোকলেছুর রহমান বলেন, "মারধরের কথা শুনেছি। তবে হাসপাতালে ভর্তির মতো মরধর করা হয়নি।" এসআই আমিরুল ইসলাম বলেন, "ইয়াকুব আগে থেকেই অসুস্থ ছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.