২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের সমালোচনায় আইনমন্ত্রী

সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিএনপি নেতা মওদুদ আহমেদের মন্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তার এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 03:47 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিএনপি নেতা মওদুদ আহমেদের মন্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তার এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার জাতীয়তাবাদী যুব দলের এক সমাবেশে মওদুদ পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, "এ রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।" সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঙ্গলবার আপিল বিভাগ নাকচ করে দেয়। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী এ আবেদন করেছিলেন। মওদুদ আহমেদের মন্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, "সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। এর প্রতি সবার আস্থা থাকতে হবে। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ এই সুপ্রিম কোর্ট নিয়ে যে মন্তব্য করেছেন, তা তার উচিত হয়নি।" মন্ত্রী বলেন, "কেউ যদি অবৈধভাবে দেশের শাসন ক্ষমতা দখল করতে চায়, তাহলে সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট তা বেআইনী ঘোষণা করতে পারে। কারণ সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছে, সাংবিধানের সঙ্গে সাংর্ঘষিক কোন আইন হলে তা সুপ্রিম কোর্ট বাতিল করতে পারবে।" শহীদ শফিউর রহমান মিলনায়তনে 'আমরা ক'জনা' আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র 'শেখ মুজিব দ্য ফাদার'-এর এই বিশেষ প্রদর্শনীতে আইনমন্ত্রী পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের 'সুফল' ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বারের সম্পাদক শ.ম. রেজাউল করিম, অধ্যাপক মুনতাসীর মামুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/২১৪৩ঘ.