২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বিফল সাকা চৌধুরী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিরুদ্ধে মামলার আরজি হাকিম আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর বৃহস্পতিবার জজ আদালতে গিয়েও বিফল হয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 06:42 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিরুদ্ধে মামলার আরজি হাকিম আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর বৃহস্পতিবার জজ আদালতে গিয়েও বিফল হয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। সাহারার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি মামলার আরজি নিয়ে সংসদ সদস্য সাকা চৌধুরী ঢাকার মহানগর হাকিম আদালতে গেলে তা খারিজের আদেশ হয়। ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন নিয়ে বৃহস্পতিবার তার আইনজীবীরা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যান। তবে বিচারক এ এন এম বশিরউল্লাহ তাও খারিজের আদেশ দিয়েছেন। সাহারা খাতুন গত ১৭ ডিসেম্বর বিজয় দিবসের এক আলোচনায় সাকা চৌধুরীসহ সব যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলে বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে আইনের গতি বাধাগ্রস্ত হয়েছে এবং এর ফলে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী হিসেবে তার (সাহারা) শপথ ভঙ্গ হয়েছে বলে সালাউদ্দিন কাদেরের আরজিতে বলা হয়। একই অভিযোগ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের পক্ষে চট্টগ্রাম ও বাগেরহাটে দায়ের করা আরো দুটি মামলাও খারিজ হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে উদ্যোগ নেয়। আগামী মার্চে যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরুর আশা করছেন সরকারের নীতি-নির্ধারকরা। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। গত বছর সাকা চৌধুরী ১৫ আগস্ট হত্যাকাণ্ড নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েও বিতর্কের জন্ম দেন। এ নিয়ে বিভিন্ন স্থানে অনেকগুলো মামলাও হয় তার বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১২৩৫ ঘ.