২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা পার্কের অবৈধ অংশ ভাঙ্গা শুরু

রিট আবেদন খারিজের পর বৃহস্পতিবার রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ ভাঙ্গা শুরু করেছে রাজউক। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 04:32 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট আবেদন খারিজের পর বৃহস্পতিবার রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ ভাঙ্গা শুরু করেছে রাজউক। পুলিশ প্রহরায় রাজউকের ম্যাজিস্ট্রেট মো. রোকনউদ্দৌলার নেতৃত্বে সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নির্মাণাধীন ওই ভবনের অননুমোদিত অংশ ভাঙ্গার প্রথম দিনের কাজ চলে। অবৈধ অংশ ভাঙ্গার কাজ আবার হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাজউকের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল মান্নান। এদিকে অভিযানের সময় কার্যালয় তছনছ ও লুটপাট হয়েছে বলে অভিযোগ এনেছেন যমুনা গ্র"পের কর্মকর্তারা। ছয়তলার অনুমোদন নিয়ে এর চেয়ে উঁচু ভবন নির্মাণ করায় যমুনা পার্কের অবৈধ অংশ ভাঙ্গছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকালে ভাঙ্গার কাজ শুরু করতে গেলে বেশ কিছু সময় যমুনার কর্মকর্তাদের সঙ্গে রাজউক কর্মকর্তাদের বদানুবাদ হয়। এরপর পুলিশ পাহারায় ভবনের প্রথমে দশম এবং পরে নবম তলায় হাতুড়ি, শাবল ও গাঁইতি দিয়ে বিভিন্ন দেওয়াল ভাঙ্গার কাজ শুরু করে রাজউকের শ্রমিকরা। ওই সময় ভবনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। যমুনা গ্র"পের কর্মচারীরা জানান, দশম তলায় যমুনা গ্র"পের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের কার্যালয় রয়েছে। তা তছনছ করা হয়েছে। যমুনা গ্র"পের মহাব্যবস্থাপক (প্রশাসন) এ বি এম রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টায় রাজউকের লোকজন এসে আমাদের বের করে দেয়। এরপর তারা ভাঙ্গার কাজ শুরু করে।" কার্যালয় থেকে কোনো কিছু সরানোর সুযোগ দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, "যমুনা গ্র"পের ২৬টি ইউনিটের ৩০ হাজার কর্মীর বেতন দেওয়ার কথা আজ। এজন্য টাকা এনে রাখা হয়েছিলো। সে টাকাও আনা যায়নি।" যমুনার কর্মকর্তারা জানান, আগে থেকে না জানায় কোনো মালপত্র তারা সরাতে পারেননি। বেলা দেড়টার দিকে প্রথম দিনের কাজ শেষ করে বের হওয়ার সময় শ্রমিকদের দেহে তল্লাশি চালায় পুলিশ। গত ১৭ জানুয়ারি যমুনা কর্তৃপক্ষকে অননুমোদিত অংশ ভাঙ্গার নির্দেশ দেয় রাজউক। যমুনা পার্কের কর্ণধার ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলেও তা বুধবার খারিজ হয়। তবে রাজউক 'অন্যায়ভাবে' ভবন ভাঙ্গছে বলে অভিযোগ করেছেন যমুনা গ্র"পের পরিচালক আব্দুল ওয়াদুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায় অনুযায়ী আমরা আজ (বৃহস্পতিবার) সকালে রাজউকে আপিল করি। কিন্তু রাজউক তা সত্ত্বেও ভাঙ্গার কাজ চালাচ্ছে।" হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি চলছে বলে ওয়াদুদ জানান। এ বিষয়ে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন বলেন, "আদালতের আদেশ অনুসরণ করেই এ ভবনের অবৈধ অংশ ভাঙ্গার কাজ হচ্ছে।" রাজউকে আপিলের বিষয়ে যমুনা কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে তিনি বলেন, "তাদের (যমুনা কর্তৃপক্ষ) বলেছি, রাজউক চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে। আর আমরা কাজ বন্ধ রাখার কোনো নির্দেশনা চেয়ারম্যানের কাছ থেকে পাইনি।" পুলিশ পাহারার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গুশলান) এ কে এম হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজউকের কার্যক্রম চলার সময় পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সে জন্যই পুলিশ মোতায়েন করা হয়। ১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/এমআই/১৩৪০ ঘ.