২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৯ বছর পর সহযোদ্ধাদের মুখোমুখি ভারতীয় জেনারেল

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ৩৯ বছর পর এদেশ সফরে এসে সহযোদ্ধাদের মুখোমুখি হয়ে আবেগ আপ্লুত হলেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমাণ্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভি কে সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 06:09 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ৩৯ বছর পর এদেশ সফরে এসে সহযোদ্ধাদের মুখোমুখি হয়ে আবেগ আপ্লুত হলেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমাণ্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভি কে সিং। জেনারেল সিং ও তার সফরসঙ্গীরা মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম ও সেক্টর কমান্ডার্স ফোরামের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ভি কে সিং শিগগিরই ভারতের সেনাপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেনারেল সিংকে বঙ্গবন্ধুর চিত্রখচিত মন্ত্রণালয়ের একটি ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। ভারতীয় সেনা কর্মকর্তাও এ সময় প্রতিমন্ত্রীকে তার পক্ষ থেকে একটি ক্রেস্ট দেন। এর আগে এ ভারতীয় সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী ও সেক্টর কমাণ্ডারদের সঙ্গে সাক্ষাতের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেনারেল ভি কে সিং সাংবাদিকদের বলেন, "৩৯ বছর পর বাংলাদেশে এসে আমি অভিভূত হয়েছি। কারণ এই দেশের স্বাধীনতার জন্য একজন যোদ্ধা হিসেবে আমি যুদ্ধ করেছি। এতদিন পর সহযোদ্ধাদের কাছে পেয়ে খুবই ভাল লাগছে।" তিনি আরো বলেন, সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এটি আমার সৌজন্য সফর। আমি বিশ্বাস করি, এ সফরের মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার ও শক্তিশালী হবে। প্রতিমন্ত্রী তাজুল ইসলাম ভি কে সিংয়ের এ সফরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য একটি 'গৌরবের বিষয়' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, " বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একজন সৈনিক ভারতের মতো দেশের সেনা প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন, এটি আমাদের জন্য গৌরবের। তার এ সফরও আমাদের জন্য গর্বের। তাই আমরা তাকে সম্মান জানাচ্ছি।" মন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনা কর্মকর্তা ও সদস্যসহ বিদেশী যোদ্ধাদেরও সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ভারতের কাছে যুদ্ধে অংশ নেওয়া কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে। এ তালিকা পাওয়া গেলে আমরা তাদের সম্মান জানাবো। স্বাধীনতা স্তম্ভে তাদের জন্য একটি পৃথক 'কর্নার' স্থাপন করা হবে। সেখানে তাদের নাম ফলক থাকবে। মুক্তিযুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের এক কোটি মানুষের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছিল। সেখানে আমাদের যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। ওই সময় ইন্দিরা গান্ধীর মতো একজন বন্ধু না থাকলে আমাদের স্বাধীনতা যুদ্ধের কি অবস্থা দাঁড়াতো, তা আমরা জানি না। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। সেক্টর কমাণ্ডার্স ফোরামের নেতা সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহ বলেন, ভারতীয় সেনা বাহিনীর অনেকেই মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছেন। তাদের সম্মান করা উচিত। মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সেক্টর কমাণ্ডার্স ফোরামের নেতা সিআর দত্ত ও আবু ওসমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩৪২ঘ.