২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সক্লুসিভ'পুঞ্জীভূত সমস্যার দিকে চোখ দেওয়া হয়েছে'

জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই 'বর্ডার গার্ড বাংলাদেশ আইন ২০০৯' এর খসড়ার লক্ষ্য- বললেন এর প্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম। একান্ত সাক্ষাৎকারে লিটন হায়দারকে তিনি জানিয়েছেন এর আরো কিছু দিক আর কিছু একান্ত উপলব্ধির কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 06:21 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

লিটন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের কর্তব্য পালনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন 'বর্ডার গার্ড বাংলাদেশ আইন ২০০৯' এর খসড়ার লক্ষ্য। প্রস্তাবিত খসড়ায় বিধিভঙ্গের বিচারের জন্য তিন ধরনের আদালত গঠনের প্রস্তাব করা হয়েছে। তবে চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি ভ্রাম্যমান আদালতের প্রস্তাব থাকলেও তা খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তে বিডিআর এর নজরদারি বাড়াতে মোট ১৭৯ টি নতুন বিওপি স্থাপন করার প্রস্তাব করা হয়েছে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব জানান। ২৫ ফেব্র"য়ারির রক্তক্ষয়ী বিডিআর বিদ্রোহের ঘটনা থেকে কী শিক্ষা তারা নিয়েছেন এই প্রশ্ন করা হলে মেজর জেনারেল মইনুল জানান এর কারণ পর্যালোচনা ও এটি এড়াতে ব্যর্থতার কারণ মূল্যায়ন করা হয়েছে। আরো আগে সংস্কার কার্যক্রম শুরু করা হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। বিদ্রোহসহ বড় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সুপারিশ করে গত বছর ১৫ ডিসেম্বর সরকারের কাছে নতুন 'বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০০৯' -এর খসড়া জমা দেন মহাপরিচালক। মহাপরিচালক বলেন, "স্বাধীনতার পর পাকিস্তানের আদলে এই আইন তৈরি করা হয়েছিল। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে সাধারণ মানুষ এখন অনেক সচেতন। সেই বিবেচনায় জনবল বা অস্ত্র বৃদ্ধি পেলেও বিডিআর আইনে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি।" বিদ্রোহের সময়টির স্পর্শকাতরতার দিক উল্লেখ করে মইনুল ইসলাম বলেন, "বিডিআর বিদ্রোহের আগের দিন প্রধানমন্ত্রী পিলখানায় এসেছিলেন। এটা কত ধরনের যে ব্যর্থতা তা বলার অপেক্ষা রাখেনা। এই ব্যর্থতা কেন হলো সেগুলো আমরা মূল্যায়ন করেছি।" "আমাদের মধ্যে কার্পেটের নিচে ময়লা পাচার করে দেওয়ার একটা প্রবণতা আছে। আমাদের ৫৮ জন কর্মকর্তা শহীদ হওয়ার পর তাদের রক্তে কার্পেট যখন ভিজে গেলো তখন দেখা গেলো নিচে অনেক ময়লা। আর সে জন্যই বিডিআর পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছি আমরা," আত্মসমালোচনার সুরে বললেন বিডিআর প্রধান । সিআইডিতে তদন্তাধীন বিডিআর হত্যা মামলা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেন এখন যে ক'জন গ্রেপ্তার আছে তারা সবাই নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার। বিদ্রোহের ঘটনার বিচার যেহেতু বিডিআরের পক্ষ থেকে করা হচ্ছে যখন বিডিআরের প্রয়োজন হবে তখন তাদের এই অভিযোগে গ্রেপ্তার দেখানো হবে। মহাপরিচালকের কাছ থেকে আইনের খসড়া পাওয়ার কথা নিশ্চিত করে সেদিন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, বিদ্রোহসহ অভ্যন্তরীণ অপরাধের জন্য বিডিআর আইনে সর্বোচ্চ যে সাত বছরের শাস্তির বিধান রয়েছে তাতে বিডিআর কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়। তাই নতুন আইনে এ শাস্তি বাড়ানোর কথা বলা হয়েছে। খসড়ায় সীমান্তে চোরাকারবার প্রতিরোধে ভ্রাম্যমান আদালত করারও একটি প্রস্তাব ছিল। ওই আদালত চোরাকারবারীদের গ্রেপ্তারের পর সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সাজা দিতে পারবে বলে প্রস্তাব করা হয়। বিডিআর মহাপরিচালক এ প্রসঙ্গে জানান, এই ভ্রাম্যমান আদালত প্রস্তাবটি সহ ভাষাগত দু'একটি বিষয় বাদ দিয়ে খসড়াটি কিছুটা সংযোজন ও সংশোধন করে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাছাড়া বাকি সব ঠিক আছে। বর্তমানে খসড়াটি মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের অপেক্ষায় আছে। ভ্রাম্যমান আদালত বাদ দেওয়া প্রসঙ্গে মেজর জেনারেল মইনুল বলেন, "যেহেতু বিষয়টি একেবারে নতুন সে কারণে বিষয়টি কি রকম হবে এসব ভেবেই বাদ দেওয়া হয়েছে। তবে মূল আইনটি পাশ হয়ে যাওয়ার পরই ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিয়ে আলোচনা করে সংযোজন করার চেষ্টা চালানো হবে।" মহাপরিচালক আরো বলেন,"সীমান্তে কর্তব্যে নিয়োজিত এই বাহিনীর সদস্যদের কর্তব্য পালনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই প্রস্তাবিত বর্ডার গার্ড আইন প্রণয়ন করা হয়েছে।" সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য বর্ডার আউট পোস্ট (বিওপি) ঘনত্ব বর্তমানে ৯ কিলোমিটার থেকে নামিয়ে ৫ কিলোমিটারে আনার জন্য ৮৯টি বিওপি বৃদ্ধি, সীমান্ত থেকে বেশ কিছু দূরত্বে অবস্থিত ২১টি বিওপি সীমান্তের কাছাকাছি স্থানান্তর এবং যে সব পার্বত্য এলাকায় বিডিআরের সার্বক্ষণিক নজরদারি নেই সে সব এলাকায় নতুন ৬৯টিসহ সর্বমোট ১৭৯টি বিওপি গঠনের প্রস্তাব করা হয়েছে বলে জানান মহাপরিচালক। মহাপরিচালক মাইনুল ইসলাম বলেন, প্রস্তাবিত বর্ডার গার্ডের লোকবল প্রায় ৫৪ হাজারে উন্নীত করতে বিদ্রোহের আগেই নীতিগতভাবে অনুমোদিত ৯টি ব্যাটেলিয়ন বাদে বর্তমানে সামগ্রিক পুনর্গঠনের জন্য মাত্র অতিরিক্ত হিসাবে ২ হাজার ৩০০ জনবল প্রয়োজন হবে। রক্তক্ষয়ী বিদ্রোহের পর বিডিআর এর সংস্কার উদ্যোগের অংশ হিসাবে এর নাম বদল করে প্রস্তাবিত নতুন আইনে 'বর্ডার গার্ড বাংলাদেশ' রাখার প্রস্তাব করা হয়েছে। বিডিআরের দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে প্রচলিত বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ ও বাংলাদেশ রাইফেলস (স্পেশাল প্রভিশন) অর্ডিন্যান্স ১৯৭৬ বিলুপ্ত করার প্রস্তাব রেখে নতুন আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। এছাড়া প্রস্তাবিত খসড়ায় বিচারের জন্য তিন ধরনের আদালত গঠনের প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো: বিশেষ আদালত, বিশেষ সামারি আদালত ও সামারি আদালত। বিশেষ আদালতের ক্ষমতা থাকবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, বিশেষ সামারি আদালতের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড। এছাড়া সামারি আদালত অপরাধ ভেদে এক বছরের কারাদণ্ড দিতে পারবে। অভিযুক্ত ব্যক্তির এ রায়ের বিরুদ্ধে আপীল করার বিধান রাখা হয়েছে। বাহিনী প্রধানের সভাপতিত্বে এ আপীল ট্রাইবুনাল গঠন করা হবে। ট্রাইবুনাল রায় পর্যালোচনা করে সাজা কমবেশি করতে পারবে। বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আর কয়েক সপ্তাহ পর। এদিন কী আয়োজন থাকবে এ প্রসঙ্গে বিডিআরের প্রধান বলেন, দিনটি 'পিলখানা হত্যা দিবস' হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাহিনীর পতাকা সেদিন অর্ধনমিত রাখা হবে। বিশেষ দরবার হবে ঘটনার সূত্রপাত হওয়া আলোচিত দরবার হলে। নিহতদের কবরে পুস্পস্তবক অর্পণ,মিলাদ মাহফিল ও দোয়া হবে। মেজর জেনারেল মইনুল বলেন, ইতিমধ্যে শহীদদের স্মরণে পিলখানার ভেতরে একটি স্মৃতিস্তম্ভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে সেই স্মৃৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এটা এমন এক জায়গায় স্থাপন করা হবে যেখানে বাহিনীর বাইরের লোকজনও তাদের শ্রদ্ধা জানাতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৫৫ঘ.