ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পেশাদার কূটনীতিক মসউদ মান্নানকে জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এম রহিম অবসর গ্রহণের পর জার্মানিতে বাংলাদেশ রাষ্ট্রদূতের পদটি দুই বছর ধরে শূন্য ছিল। সরকার ওই সময়কালে জার্মানিতে প্রথমে এম এ কে মামুদ ও পরে গিয়াসউদ্দিন আহমেদকে রাষ্ট্রদূত নিয়োগ করে। কিন্তু তারা কেউই কাজে যোগ দেননি।
মসউদ মান্নান বর্তমানে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রদূত মান্নান ১৯৮৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি বেইজিং, নিউ ইয়র্ক, মাসকাট ও লন্ডনে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।
মসউদ মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল' অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৪২ ঘ.
bdnews24