জয়পুরহাট, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় চার ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
সোমবার দুপুরে উপজেলার কড়িয়া সড়কের কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র।
নিহতরা হলেন- উপজেলার লকমা গ্রামের ভ্যানচালক আলাল (২৫), একই গ্রামের যাত্রী বাবু (২৬), বেনাজুল (৩০) ও কড়িয়া গ্রামের লোকমান (৪০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সাংবাদিকদের বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ইট বোঝাই একটি ট্রাক্টর পাঁচবিবি থেকে কড়িয়া গ্রামে যাওয়ার পথে কেশবপুর পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাক্টরটি একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান আরো দুজন।
ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৫ ঘ.
bdnews24