ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যানজট নিরসনে ঢাকা মহানগরীকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা সাপ্তাহিক ছুটির দিন ঠিক করে দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এ ছুটির সময়সূচি নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ।
নতুন ভাগ করা অঞ্চল-১ এ শুক্রবার পূর্ণ দিবস এবং শনিবার অর্ধদিবস ছুটি থাকবে। অঞ্চল-২ এ রোববার পূর্ণদিবস এবং সোমবার অর্ধদিবস ছুটি।
অঞ্চল-৩ এ ছুটি বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধদিবস। অঞ্চল-৪ মঙ্গলবার পূর্ণ দিবস এবং বুধবার অর্ধদিবস, অঞ্চল-৫ বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধদিবস ছুটি। অঞ্চল-৬ এ রোববার পূর্ণদিবস এবং সোমবার অর্ধদিবস ছুটি থাকবে।
অঞ্চল-৭ বুধবার পূর্ণদিবস এবং বৃহস্পতিবার অর্ধদিবস ছুটি।
অঞ্চল ২ ও ৬ এবং অঞ্চল ৩, ৫ একই দিনে ছুটি নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সভা শেষে দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলনের কক্ষে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ একের পর সিদ্ধান্ত নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবারের বৈঠকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য নতুন ছুটির দিন নির্ধারণ করার সিদ্ধান্ত অনুমোদিত হল।"
আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিপরিষদের অনুমোদনের পর শিগগির এ ছুটি সময়সুচি কার্যকর করা হবে। পূর্ণ দিবস ছুটি ছাড়া অর্ধ দিবস ছুটিতে বেলা ২ টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকতে পারবে। দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে স্বাভাবিক নিয়মে।
আবুল কালাম আজাদ আরো জানান, মাল্টিলেটারেল সাউথ এশিয়া সাব-রিজিওন্যাল ইকনোমিক কো অপারেশন (এসএএসইসি) আইসিটি এগ্রিমেন্ট স্বাক্ষরিত না হওয়ায় উপদেষ্টা পরিষদের ২০০৭ সালের ২৫ মার্চ তারিখের সিদ্ধান্ত বাতিল করে মন্ত্রিসভা।
এছাড়া কোপেনহেগেন-এ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ এবং পরবর্তী করণীয় বিষয়েও সভায় আলোচনা হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করায় সন্তাষ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শোক প্রস্তাব পেশ করেন।
জাতি কলঙ্কমুক্ত হয়েছে মন্তব্য করে মন্ত্রিপরিষদ সচিব শোক প্রস্তাব উত্থাপনকালে বলেন, "এ বিচারের মাধ্যমে দেশে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পথ বন্ধ হবে।"
সভায় '৭৫ এর ১৫ আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24