২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পিপিপির ভিত্তিতে অব্যবহৃত সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব'

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, অভ্যন্তরীণ অব্যবহৃত সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে পারাটাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমেই এটি সম্ভব বলে তিনি মনে করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 07:33 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, অভ্যন্তরীণ অব্যবহৃত সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে পারাটাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমেই এটি সম্ভব বলে তিনি মনে করেন। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (আইএমসিএইচ) ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুহিত বলেন, "অব্যবহৃত সম্পদ যথাযথ ব্যবহারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলে সরকার সবরকমের সহযোগিতা করবে। বেসরকারি উদ্যোক্তারা দেশের স্বাস্থ্যখাতে এগিয়ে এলে ভবিষ্যতে এক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন সম্ভব।" বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র উচ্চ ফি নিলেই চলবে না, তাদের সেরকম সেবা ও দক্ষতা দেখাতে হবে। এসব মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের স্বাস্থ্যখাতের কল্যাণে বিশাল ভূমিকা রাখছে। তবে তাদেরকে আরো দায়িত্ব সচেতন ও সমৃদ্ধ হতে হবে। তিনি স্বাস্থ্যখাতে আরো বেশী বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবদুল করিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী, ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লি. এর চেয়ারপারসন ডা. শায়লা খাতুন প্রমুখ। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল গাজীপুরের টঙ্গীতে অবস্থিত। এটি ৫শ' শয্যার একটি আধুনিক কলেজ ও হাসপাতাল। ২০০০ সালে স্বল্প পরিসরে এই মেডিকেল কলেজটি যাত্রা শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০১২৬ ঘ.