ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের ঘটনার সঙ্গে বিরোধী দলের জড়িত থাকার ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্র্র্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
রোববার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে 'মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক' অভিহিত করে তা প্রত্যাখ্যান করেন।
শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেছিলেন, "সকাল বেলা এ ঘটনা ঘটতো, কে জানতো? সেদিন খুব সকালে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে (নাম বলতে চাই না) ফোন করে তাকে বলে- ক্যান্টনমেন্টের বাসায় থেকো না, বাসা থেকে চলে যাও। সবাই জানে- যিনি ১২টা/১টার আগে ঘুম থেকে উঠেন না, তিনি সকালে উঠে তিনদিন আর বাসায় ফিরে আসেননি। কী আকাক্সক্ষা নিয়ে তিনি বসেছিলেন। এ রহস্য উৎঘাটন করা দরকার।"
খন্দকার মোশাররফ বলেন, ''বিরোধী দল দমনে সরকার দেশ জুড়ে ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে। সেই সঙ্গে চলছে সীমাহীন অপপ্রচার। এসব অপতৎপরতার অংশ হিসেবে গতকাল (শনিবার) আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সর্ম্পকে উদ্দেশ্যমূলক ও বানোয়াট গল্প ফেঁদেছেন। প্রধানমন্ত্রী পদে থেকে এ রকম দায়িত্বহীন কথা বলা খুবই অন্যায় ও অসঙ্গত।''
নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত বছরের ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষমতাসীন দলের সম্পৃক্ততার দাবি করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ''ওই রক্তক্ষয়ী ঘটনা নিয়ে রহস্য আজো উন্মোচিত হয়নি। এ নিয়ে অনেক প্রশ্ন আছে। সন্দেহের তীর প্রধানমন্ত্রী, তার দলের নেতা, আত্বীয়-স্বজনদের দিকেই রয়েছে। এ নিয়ে বিশ্বাসযোগ্য কোনো তদন্তও করতে দেওয়া হয়নি। বরং শাসক দলের অভিযুক্তদের বাঁচাতে আটক অনেক বিডিআর সদস্যকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন প্রধানমন্ত্রী বেপরোয়া হয়ে অসত্য প্রচারণার ধুম্রজাল ছড়াচ্ছেন। ''
ওই বিদ্রোহের ঘটনার বিচার যেসব সেনা কর্মকর্তা দাবি করেন, তাদেরও চাকরিচ্যুত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থায়ী কমিটির অপর সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, একবছর অতিক্রান্ত হলেও বিডিআর বিদ্রোহের ঘটনার মামলায় আজো অভিযোগপত্র দেওয়া হয়নি। উল্টো ৪০ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে। ওই ঘটনার বিষয়ে দুইটি তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশও করা হয়নি।
আ স ম হান্নান শাহ আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে 'অসত্য' অভিহিত করে বলেন, "ওই দিন ঘটনা সংঘটিত হওয়ার পর আমাদের নেত্রী গুলশানের কার্যালয়ে অবস্থান করে দলীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর ওই বক্তব্য উদ্দেশ্যমূলক।''
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন, দলের স্থ'ায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান ও বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24