সিরাজগঞ্জ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে দুটি প্রচার মাইক জব্দ করেছে প্রশাসন।
একইসঙ্গে প্রার্থীকে শনিবার সকালে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তলব করা হয়েছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী ইয়াছমিন নাহার রোজীর নির্বাচনী প্রচারকাজে নিয়োজিত দুটি মাইক বৃহস্পতিবার রাত ৮টার দিকে জব্দ করে জেলার ভ্রাম্যমাণ পর্যবেক্ষক দল।
সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বির আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
পর্যবেক্ষক দলের সদস্য এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণ বিধি ভঙ্গ করে রিকশায় করে একসঙ্গে দুটি হর্ন (মাইক) ব্যবহার করে প্রচারকাজ করায় সেগুলো জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ জানান, পরিদর্শনকালে শহরের কয়েকটি স্থানে দেয়ালে পোস্টার লাগিয়ে ও আলোকসজ্জা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের আলামত পাওয়া গেছে।
শনিবার অভিযুক্ত সব প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
তিনি আরো জানান, র্যাব ও পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি দল বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৯ ঘ.
bdnews24