২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব দিলেন প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। প্রধান বিচারপতির সম্পদের হিসাব দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম প্রধান বিচারপতির সম্পদের বিবরণী পৌঁছে দেন। আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান বিচারপতির সম্পদের হিসাব বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে দিয়েছি।" তবে ওই বিবরণীতে কী পরিমাণ সম্পদের হিসাব রয়েছে তা তিনি জানাতে পারেননি। এদিকে সুপ্রিম কোর্টের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী সোমবার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্টের সভা করবেন। ওই সভায় তিনি সব বিচারপতিকে সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানাবেন। গত বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক জরিপে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, "টিআইবির জরিপ দুর্নীতির সার্বিক চিত্র নয়। এটা আংশিক চিত্র। দেশে দুর্নীতির ব্যাপকতা আরো অনেক বেশি।" রোববার চট্টগ্রাম ও কুমিল্লায় দুটি মামলায় টিআইবিপ্রধান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। কুমিল্লার যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সেটি সেদিন সন্ধ্যায় আবার বাতিল করে আদালত। এছাড়া চট্টগ্রামে টিআইবিপ্রধান হাফিজউদ্দিন খানসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আরো দুটি মামলা হয়। ওই দুই মামলায় তাদের জানুয়ারি মাসের দুটি আলাদা তারিখে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই জরিপ প্রসঙ্গে রোববারই আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "কিছু লোকের দোষ পুরো বিচার বিভাগের ওপর চাপানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/২০২২ ঘ.