ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচজন জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাদের বদলি করা হয় বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোরের জেলা জজ মো. আবদুল মজিদকে দিনাজপুরের জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। নাটোরে বদলি করা হয়েছে মৌলভীবাজারের জেলা জজ হাসান শহীদ ফেরদৌসকে।
কুষ্টিয়ার বিশেষ জজ মো. সাজেদুল করিম বদলি হয়েছেন কুড়িগ্রামে। জেলা জজ এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-৩ এর বিচারক বিমল চন্দ্র শিকদারকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।
এছাড়া কুড়িগ্রামের জেলা জজ মো. ওবায়দুস সোবহানকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএসবি/১৭১৪ ঘ.
bdnews24