মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের কৃষকরা আমদানি নির্ভরতা কমাতে বড় ধরনের ভূমিকা পালন করছেন বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, "আমাদের কৃষকরা একদিকে যেমন খাদ্য শস্য উৎপাদন করছেন, অন্যদিকে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রার একটি বিপুল অংশ সাশ্রয় করছেন।"
বুধবার সকাল ১১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আতিউর এ কথা বলেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, "কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি উন্নতি হলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।"
কৃষি ব্যাংক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমীন এমিলি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, সোনালী ব্যাংকের পরিচালক সুভাষ সিংহ রায়, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম প্রমুখ।
কৃষি ব্যাংক ৪৪৯ জন কৃষকের মাঝে ২ কোটি ৪৮ লাখ টাকা ঋণ বিতরণ করছে।
এর মধ্যে ২৯ জনকে আমদানি বিকল্প শস্য খাতে এবং ৩১৯ জনকে আলু চাষের জন্য ঋণ দেওয়া হবে।
বিকালে গোপালগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি ব্যাংকের ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আতিউর রহমান।
তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, শিল্পের কাচাঁমাল সরবরাহ, আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি করে টেকসই অর্থনৈতিক অগ্রযাত্রার ভিত্তি গড়ে তুলতে কৃষি খাতের উন্নয়নের কোনো বিকল্প নাই।
উপজেলা মিলনায়তনে ন্যাশনাল ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে ১১ কৃষককের মধ্যে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
এছাড়া দুঃস্থদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৫ ঘ.
bdnews24