রাজশাহী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে শুরু হয়েছে দুদিনের ডিজিটাল মেলা।
বুধবার দুপুরে রাজশাহী জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে বিভাগীয় পর্যায়ের 'ডিজিটাল উদ্বোধনী মেলা-২০১০' উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
প্রধানমন্ত্রীর কার্যালায়ের এটুআই কর্মসূচি ও রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় রাজশাহী বিভাগের আট জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩৯টি স্টল রয়েছে।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কার্যালয়গুলোতে কম্পিউটার কেবল সাজিয়ে রাখলেই হবে না, সেগুলোর যথাযথ ব্যবহার এবং তা মনিটরিং করতে হবে।
ডিজিটাল প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে বাংলাদেশ আর্ন্তজাতিক অঙ্গনে আলোকিত দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধী তথা মানবতাবিরোধীরা যে দলেরই হোক না কেন, তাদের বিচারের ব্যবস্থা সরকার নিশ্চিত করবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির পরিচালক নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, রাজশাহী পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দকুর রহমান প্রমুখ।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মেলার স্টল ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০১ ঘ.
bdnews24