রাঙামাটি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিয়ে 'ভুল বোঝাবুঝি' ও 'অবিশ্বাস' দূর করতে জাতীয় মানবাধিকার কমিশন কাজ করতে চায় বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামে ভূমি বিষয়ে যে অবিশ্বাসের বীজ এখনো রয়েছে তা অবশ্যই দূর করা দরকার। যদি সবাই ঐক্যবদ্ধ হই এবং যেসব সমস্যা রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে তা দুর করে এগোনো যায় তাহলে সেটা পুরো জাতির জন্যই মঙ্গলজনক হবে।"
বুধবার রাঙামাটিতে সরকারি শিশু সদন, কারাগার ও হাসপাতাল পরিদর্শন শেষে কমিশন চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন।
মিজানুর রহমান সকালে খাগড়াছড়ি থেকে রাঙামাটি পৌঁছান।
প্রথমে তিনি সরকারি শিশু সদন, রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল, মাতৃমঙ্গল হাসপাতাল ও কারাগার পরিদর্শন করেন।
কমিশন চেয়ারম্যান সদর হাসপাতালে গেলে রোগীরা তাদের দুর্দশা ও বঞ্চনার অভিযোগ করেন।
তিনি রাঙামাটি জেনারেল হাসপাতাল এবং মাতৃমঙ্গল হাসপাতাল পরিদর্শনের সময় হাসপাতালের স্বাস্থ্য সেবার বেহাল চিত্র ও চরম অব্যবস্থাপনা দেখে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়া সরকারি শিশু সদন পরিদর্শনকালে সেখানে নিজস্ব বাবুর্চি না থাকা এবং শিশুদের দিয়ে রান্না করানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
বিকালে তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
গত ২৬ ডিসেম্বর পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠকে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়।
ওই বৈঠক শেষে তিনি বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন ২০০১-এর সঙ্গে পার্বত্য শান্তিচুক্তির কিছু কিছু ধারায় অসংগতি রয়েছে। তা সংশোধন না হওয়া পর্যন্ত ভূমি কমিশনের কার্যক্রম স্থগিত থাকবে।
কমিটির সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী জানান, ভূমি কমিশন আইন ২০০১ সংশোধনীর যেসব ধারায় বিরোধাত্মক বিষয় রয়েছে সেসব বিষয়ে তিনি আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে খাগড়াছড়িতে ২৭ ডিসেম্বর থেকে তিনদিনের বিচারিক সভা শুরু হওয়ার কথা ছিলো।
ভূমি কমিশন আইন সংশোধন, ভূমি জরিপ, বিধিমালা প্রণয়ন ও পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, পদ্ধতি ও রীতি নির্ধারণের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে সন্তু লারশার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কয়েকটি সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24