চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চট্টগ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে।
এ ঘটনায় মোশাররফের ব্যক্তিগত গাড়ি চালক অমর দে বুধবার বিকালে কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন।
নগরীর নন্দনকাননের দুই নম্বর গলিতে মোশাররফের বাড়িতে বুধবার ভোররাত ৩টার দিকে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয় বলে পুলিশ জানায়।
ঘটনার পর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগমসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগম সাংবাদিকদের জানান, ১২/১৫ জনের সশস্ত্র ডাকাত দল মোশাররফ হোসেনের বাড়িতে ঢুকে তার ব্যবহৃত প্রাইভেট কারের বিভিন্ন যন্ত্রাংশ, তার বড় ছেলের মোবাইল ফোনসেট, ডিভিডি, কম্পিউটার এবং চার নিরাপত্তারক্ষীর পাঁচটি মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়ে গেছে।
বাড়ির নিরাপত্তারক্ষী ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোররাত ৩টার দিকে বাড়ির সীমানা প্রাচীর ডিঙিয়ে সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে আমাদের হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা বাড়ির দোতলায় মোশাররফের বড় ছেলে সাবেদুর রহমান শুভ এবং তার স্ত্রী পান্টিকে জিম্মি করে বিভিন্ন মালামাল লুট করে ভোররাত সাড়ে ৪টার দিকে পালিয়ে যায়।"
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুক জানান, ডাকাতির ঘটনায় বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি জানান, ডাকাতির সময় মোশাররফ হোসেন বাড়িতে ছিলেন না। তিনি মিরসরাইয়ে নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছিলেন। বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরসরাইয়ে একটি জনসভায় ভাষণ দেন।
মিরসরাইয়ের সংসদ সদস্য মোশাররফ হোসেন চট্টগ্রাম (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমইউএস/আরএ/১৮৪৯ ঘ.
bdnews24