কক্সবাজার, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কক্সবাজার কারাগারে আনা হয়েছে। মানহানির একটি মামলায় তাকে কক্সবাজারের আদালতে হাজির করার কথা রয়েছে।
মাহমুদুরকে পুলিশ পাহারায় একটি সাদা মাইক্রোবাসে করে মঙ্গলবার রাত পৌনে ১১টায় কক্সবাজার জেলা কারাগারে আনা হয়।
কক্সবাজার জেলা কারাগারের কারারক্ষক (জেলার) মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, "কারাগারে মাহমুদুরকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান দেখানো হবে।"
গাড়ি থেকে নেমে কারা ফটকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর অভিযোগ করেন, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কক্সবাজার আনার পথে সাড়ে ১৩ ঘণ্টা তাকে কিছুই খেতে দেওয়া হয়নি।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ বিএনপি সমর্থক কয়েকজন আইনজীবী কারাফটকে ছিলেন।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির ছোট ভাই আবদুল আমিনের দায়ের করা একটি মানহানি মামলায় হাজিরা দিতে মাহমুদুর রহমানকে কক্সবাজার আনা হয়েছে।
'দিনবদলের চাঁদাবাজি' শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর ওই মামলাটি হয়। ওই মামলায় মাহমুদুর ছাড়াও পত্রিকার প্রকাশক মোহাম্মদ হাসমত আলী ও প্রতিবেদক জাহেদ চৌধুরীও বিবাদি।
কারারক্ষক মুজিবুর জানান, ওই মামলায় বুধবার মাহমুদুরকে আদালতে হাজির করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৬ ঘ.
bdnews24