২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি'র কর পুনর্মূল্যায়ন কাজ শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম সিটি করপোরেশনের কর পুনর্মূল্যায়নের কাজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। তবে এতে কর বাড়বে না বলে নগর সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশনের কর পুনর্মূল্যায়নের কাজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। তবে এতে কর বাড়বে না বলে নগর সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার বিকালে নগর সংস্থার মিলনায়তনে এক সভায় মেয়র এম মনজুর আলম এ কথা জানান। তিনি বলেন, "প্রাথমিক পর্যায়ে ৪১টি ওয়ার্ডের মধ্যে আটটিতে তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুত করা হবে। পর্যায়ক্রমে বাকি সব ওয়ার্ডের তালিকা করা হবে।" তিনি জানান, প্রতি পাঁচ বছর পর নগরীর সব ধরনের স্থাপনার পরিবর্ধন, পরিবর্তন ও নতুন স্থাপনা পরিমাপসহ অন্যান্য তথ্যাদি সংগ্রহ করে একটি কর তালিকা প্রস্তুত করার বিধান রয়েছে। ইতোমধ্যে নগরীতে অনেক ঘর বাড়ি ও স্থাপনা নতুনভাবে নির্মাণ এবং পরিবর্ধন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিয়মানুসারে নতুন এ তালিকাটি করা হবে। নগর সংস্থার জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটটি ওয়ার্ডে তালিকা প্রস্তুত করার কাজ করবে সংস্থার একশ কর্মচারী। এতে দুই মাসের মত সময় লাগবে। " ওয়ার্ডগুলো হলো- চকবাজার, উত্তর পাঠানটুলী, চান্দগাঁও, মোহরা, মাদারবাড়ি, দক্ষিণ হালিশহর, উত্তর আগ্রবাদ ও পূর্ব পাহাড়তলী। তিনি বলেন, কর পুনর্মূল্যায়ন তালিকা তৈরি করার ফলে করের হার বাড়বে না। শুধুমাত্র নতুন নির্মিত স্থাপনা ও পরিবর্ধিত স্থাপনার কর নির্ধারণের জন্য এ তালিকা করা হচ্ছে। সিটি করেপারেশেনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী ও সংস্থার সচিব মো. সামসুদ্দোহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেবি/এমএসবি/২১৫৭ ঘ.