২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল বিরোধী অভিযানে একজনের কারাদণ্ড

ভেজাল মবিল প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একজনের এক মাসের কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল মবিল প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একজনের এক মাসের কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়। দণ্ডিদ মো. মাসুম (২০) উপজেলার কলাগাছিয়া এলাকার শহর আলীর ছেলে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল মবিল মাটিচাপা এবং কারখানাটি সিলগালা করা হয়। ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কলাগাছিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ওখানে তৈরি ১৪শ' লিটার ভেজাল মবিল জব্দ করা হয়। আটক করা হয় কারখানার মালিক রফিকুল ইসলাম রফিকের শ্যালক মাসুমকে। কারখানার মালিকসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি বলেন, পেট্রোলিয়াম আইনে ভেজাল মবিল তৈরি ও বাজারজাত করার অভিযোগে মাসুমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫১ ঘ.