সিলেট, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে বিডিআর সেক্টরে বিদ্রোহের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় রায় দেওয়া হবে আগামীকাল বুধবার। যুক্তিতর্ক শেষে গত ২৫ নভেম্বর বিশেষ আদালত রায়ের দিন ধার্য্য করে।
এই ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৪ নম্বর বিশেষ আদালতে সিলেট সেক্টর সদর দপ্তরের বিদ্রোহের বিচারও চলছে।
মঙ্গলবার এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ১৮ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। এনিয়ে ৫২ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হলো।
আগেরদিন মামলার অভিযোগ গঠন করা হয়। অভিযুক্ত ৬১ জওয়ানের মধ্যে ২৮ জন দোষ স্বীকার করেন। ওইদিন চারজনের সাক্ষ্য নেওয়া হয়।
এ মামলায় আরো কারো সাক্ষ্য নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর সিলেট সেক্টর কর্মকর্তা মেজর এ কে এম আওরঙ্গজেব।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হয় আদালতের কার্যক্রম। পাঁচ দফায় আদালতের কার্যক্রম চলে রাত ৮টা পর্যস্ত।
সকাল সোয়া ৮টার দিকে আসামিদের পুলিশ পাহারায় সিলেট কারাগার থেকে আদালতে আনা হয়।
সাক্ষীদের জবানবন্দি নেওয়ার পর আদালত নিজেদের নির্দোষ দাবি করা ৩৩ জওয়ানের বক্তব্য শোনেন।
প্রসিকিউটর জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় আদালত আবার বসবে। ওইদিন প্রসিকিউটরের বক্তব্য শুনবে আদালত। এরপর রায়ের দিন ধার্য্য করা হবে।
বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেনেন্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম।
বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।
এদিকে, সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে মামলার রায় হবে বুধবার। বিকাল ৩টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হবে বলে বিডিআর কর্মকর্তারা জানান।
গত ২৩ নভেম্বর এই মামলা অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে ৩৯ জন তাদের দোষ স্বীকার করেন। বাকি পাঁচজন নিজেদের নির্দোষ দাবি করেন।
এই ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জওয়ানের বিচার শুরু হয় গত ১৯ অক্টোবর।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন।
ওই সময় বিভিন্ন সেক্টর, ব্যাটালিয়নের মতো সিলেট সেক্টর ও ২১ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। ঢাকার বাইরে কয়েকটি ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। অন্যগুলোর বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24