২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি সফরে মানবাধিকার কমিশন চেয়ারম্যান

দু'দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার খাগড়াছড়ি ছেড়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার খাগড়াছড়ি ছেড়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। বিকালে তিনি রাঙামাটির উদ্দেশে রওয়ানা হন বলে জানিয়েছেন চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব (পিএস) মো. বায়েজিত আলী। সোমবার দুপুরে তিনি খাগড়াছড়ি এসে পৌঁছেন। ওইদিন বিকালে খাগড়াছড়ি জেলখানা ও সদর হাসপাতাল পরিদর্শন করেন। মঙ্গলবার তিনি সরকারি শিশু সদন ও খাগড়াছড়ি সরাকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সকাল ১০টায় তিনি শিশু সদন (এতিমখানা) কর্তৃপক্ষ ও শিশুদের সঙ্গে কথা বলেন। ওখানে শিশুদের রান্না করাসহ বিভিন্ন কাজে শ্রম দিতে হয় জেনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি শিশুদের দিয়ে কাজ না করানোর পরামর্শ দেন কর্তৃপক্ষকে। এরপর তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ইভ টিজিংয়ের মতো ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন। আগেরদিন বিকালে তিনি কারাগার পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, কারাগারের কক্ষগুলোতে ধারণ ক্ষমতার বেশি কয়েদি রাখা হয়েছে। এটা অমানবিক। মিজানুর রহমান বলেন, বিডিআর বিদ্রোহের মামলায় আটক জওয়ানরা ন্যায় বিচার পাচ্ছে না বলে তাকে জানিয়েছে। তাদের কথা সত্যি হলে তা হবে বর্তমান সরকারের জন্য একটি খারাপ দৃষ্টান্ত। বিচারে বিডিআর জওয়ানরা যেন ন্যায় বিচার পায় সেদিকে সরকারকে দৃষ্টি রাখার আহ্বান জানান। এরপর হাসপাতাল পরিদর্শন করেন। এখানে অনেক শূন্যপদ রয়েছে জেনে তিনি লোক নিয়োগের আহ্বান জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। খাগড়াছড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের এটাই প্রথম সফর বলে জানান চেয়ারম্যানের পিএস মো. বায়েজিত আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১০ ঘ.