২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিক্রেতা চিকিৎসকের সাজা

মাদক কেনা-বেচায় জড়িত থাকায় রাজধানীর একটি হাসপাতালের এক চিকিৎসককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 08:04 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক কেনা-বেচায় জড়িত থাকায় রাজধানীর একটি হাসপাতালের এক চিকিৎসককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কাওসার হোসেন (৩২) স্পেশাল কেয়ার অ্যান্ড ক্যান্সার হাসপাতালের চিকিৎসক। র‌্যাবের সহযোগিতায় ঢাকার নির্বাহী হাকিম আনোয়ার পাশা সোমবার রাতে রাজধানীর পান্থপথে অভিযান চালিয়ে কাওসারকে গ্রেপ্তার করেন। ওই সময় তার সহােযগী দেলোয়ার হোসেনকেও (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ৪৮০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে র‌্যাব-১০ উপপরিচালক কিসমত হায়াৎ সাংবাদিকদের জানান। তিনি বলেন, "চিকিৎসক হওয়ার কারণে পাওয়া সামাজিক সম্মান ও সুবিধা ব্যবহার করে কাওসার নিয়মিত মাদক বিক্রি করতেন। বিশেষ করে কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাছে।" দেলোয়ার সাংবাদিকদের বলেন, তিনি ইয়াবা সংগ্রহ করে আনতেন। আর কাওসার তা বিক্রি করতেন। হাকিম আনোয়ার পাশা বলেন, কাওসারকে ছয় মাস এবং দেলোয়ারকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উভয়কে একলাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে দুজনকে আরো তিন মাস কারাভোগ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪০০ ঘ.