ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো দেশের বর্গাচাষীদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ব্যাংক। প্রায় ১০ হাজার বর্গাচাষীকে সংবর্ধনা দেওয়া হবে।
আগামী ৩০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান চলবে দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ উদ্যোগে রয়েছে ব্র্যাক।
খাদ্য নিরাপত্তা অর্জনে অনন্য অবদানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্গাচাষীদের রাজধানী ঢাকায় এনে এ সংবর্ধনা দেওয়া হবে। এর মধ্যে দেড় হাজার নারী কৃষক।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিশেষ অতিথি থাকবেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন ও কৃষি ব্যাক্তিত্ব চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। সভাপতিত্ব করবেন ব্র্যাকের পরিচালনা পর্ষদের সদস্য তাহেরুন্নেসা আব্দুল্লাহ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাকের যৌথ উদ্যোগে বর্গাচাষীদের ঋণ দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো দেশেই এ ধরনের ঋণ কর্মসূচি নেই। ইতিমধ্যেই এ কর্মসূচির আওতায় ঋণ নিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখেছেন বর্গাচাষীরা। তাদের সে অবদানের স্বীকৃতি হিসেবেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।"
তিনি জানান, বাংলাদেশেই প্রথম বর্গাচাষীদের নিয়ে এ ধরনের সম্মেলন হচ্ছে। এতে বর্গাচাষীরা জোটবদ্ধ হয়ে নীতিনির্ধারকদের কাছে তাদের বিভিন্ন প্রতিকূলতা তুলে ধরার সুযোগ পাবেন। এ সংবর্ধনা তাদের আ
bdnews24