সাভার, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি পিকআপ ভ্যানের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হন চালকসহ দু'জন।
সোমবার রাত ৮টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহকারী ও আহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর আহত হলেন হাফিজুর রহমান।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে দু'ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রাত ১০টার দিকে পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান ও বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, লোহার পাত বোঝাই একটি পিকআপ ভ্যান আরিচাগামী একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানটির সহকারীর মৃত্যু হয়।
সাভার দমকলকর্মীরা রাত সোয়া ৮টা থেকে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পিকআপ ভ্যানটি কেটে হাফিজুরকে উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24