২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মানবপাচার রোধে বাংলাদেশের অগ্রগতি হয়েছে'

যুক্তরাষ্ট্র মনে করে শ্রমিক পাচার রোধে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণও দিতে চায় দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র মনে করে শ্রমিক পাচার রোধে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণও দিতে চায় দেশটি। ঢাকায় মার্র্কিন দূতাবাসের পক্ষ থেকে গত ২৬ ডিসেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়েছে, মানব পাচার রোধে বাংলাদেশের এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ ইতিবাচক। তবে শ্রমিক ও মানবপাচার রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো দক্ষ করে তুলতে এবং পরিস্থিতির উন্নতির জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ারও আগ্রহ ওই চিঠিতে জানিয়েছে য্ক্তুরাষ্ট্র। যুগ্ম-সচিব আসাদুল ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। প্রশিক্ষণ নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং টাস্কফোর্সের প্রধান আসাদুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) ড. কামালউদ্দিন আহমেদকে মনোনীত করা হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এফবিআই ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক টাস্কফোর্স ওই দুই কর্মকর্তার এই প্রশিক্ষণ দেবে। আগামী ২৫ জানুয়ারি থেকে এ প্রশিক্ষণ শুরু হবে। এতে কারিগরী ও তথ্য সহায়তা দেবে এফবিআই। গত নভেম্বরের শেষ সপ্তাহে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টাস্কফোর্স কর্মকর্তারা ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এ সময় মানব ও শ্রমিক পাচার রোধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়। তারা বাংলাদেশের এ অগ্রগতির জন্য প্রশংসাও করেন। চলতি বছরের জুন মাসে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদনে মানব পাচারের দিক থেকে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ মন্তব্য করা হয়। এর আগে মানব পাচারের মাত্রা বিচারে বাংলাদেশকে দ্বিতীয় সারির পর্যবেক্ষণ তালিকায় রাখে যুক্তরাষ্ট্র। ২০০৮ সালেও বাংলাদেশ একই তালিকায় ছিলো। প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিবাসনের নামে গত সাত বছরে সাতশ ৩০ নারী ও পাঁচশ ৮১ জন শিশু পাচারের শিকার হয়েছে। পাচার হওয়া নারীদের মধ্যে উদ্ধার হয়েছে পাঁচশ ৪৪ জন। এদের পাঁচশ ৪২ জনকে তাদের পরিবারের কাছে এবং দুইজনকে সরকারি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এসব পাচারের ঘটনায় চারশ ৮৯টি মামলা হয়েছে। এসব মামলার এক হাজার পাঁচশ ১৯ জন আসামির মধ্যে সাতশ ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে পাঁচশ ৮১ জন শিশু পাচারের শিকার হয়েছে। এদের মধ্যে উদ্ধার হয়েছে চারশ ৫৫ জন। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চারশ ৫৪ জনকে পরিবারের কাছে ও একজনকে সরকারি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এসব ঘটনায় তিনশ একটি মামলায় এক হাজার একজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ছয়শ ১৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৪৫ ঘ.