২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য নামে গ্রেপ্তার, পুলিশের শাস্তির সুপারিশ

জামিনে থাকা আসামিকে একই মামলায় অন্য নামে গ্রেপ্তার করায় আদালত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কর্তৃপক্ষের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

বগুড়া, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে থাকা আসামিকে একই মামলায় অন্য নামে গ্রেপ্তার করায় আদালত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কর্তৃপক্ষের কাছে। এ ছাড়া ওই আসামিকে মুক্তিরও আদেশ দেওয়া হয়। সোমবার বগুড়ার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. হাসানুজ্জমান এ আদেশ দেন। মুক্তি পাওয়া আসামি হলেন বগুড়ার গাবতলী উপজেলার মরিয়া খলিফাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে মোখলেছুর রহমান। এর আগেই তার পাঁচদিন হাজতবাস হয়ে গেছে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৬ মে বগুড়ার গাবতলী উপজেলার মো. ফরিদ উদ্দিন তার ছেলে মো. সোহেল রানাকে মারধর করার অভিযোগে বগুড়া সদর থানায় একটি মামলা করেন। এতে আসামি করা হয় গাবতলীর মরিয়া খলিফাপাড়ার মো. আব্দুল কুদ্দুসের দুই ছেলে মো. মোকলেছুর রহমান (৫০), আব্দুল বাছেদ (৪০) ও একই উপজেলার চাকলা গ্রামের আব্দুল জলিল মণ্ডলের ছেলে সবুজ মণ্ডলকে (২৭)। ২০০৯ সালের ১৬ জুন পুলিশ মামলাটি আদালতে পাঠায়। ওই বছরের ৩১ ডিসেম্বর উক্ত মামলায় মোখলেছুর রহমান মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত থেকে জামিন পান। কিন্তু গত বুধবার (২২ ডিসেম্বর) গাবতলী থানার উপ-পরিদর্শক মহসীন আলী মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেন আব্দুল বাছেদ হিসেবে। এরপর তাকে আব্দুল বাছেদ নামে জেল হাজতে পাঠানো হয়। রোববার (২৬ ডিসেম্বর) মোকলেছুর রহমানের আইনজীবী সৈয়দ সহিদুর রহমান মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তার জামিন আবেদন করেন। আদালতের নির্দেশে সোমবার বাদী মো. ফরিদ উদ্দিন আদালতে হাজির হয়ে মোখলেছুর রহমানকে শনাক্ত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তি আব্দুল বাছেদ নন। শুনানি শেষে আদালত উপ-পরিদর্শক মো. মহসীন আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রাজশাহী রেঞ্জ ও বগুড়ার পুলিশ সুপারিনটেনডেন্ট বরাবর আদেশের অনুলিপি পাঠানো আদেশ দেন। এছাড়া মোখলেছুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়ারও নির্দেশ দেন। উপ-পরিদর্শক মহসীন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই আসামিকে আমি গ্রেপ্তার করিনি। করেছিল দারোগা হাফিজার রহমান।" হাফিজার রহমান বলেন, ভিআইপি ডিউটিতে তিনি যশোর আছেন। কোনো মন্তব্য করতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.