২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিয়ন্ত্রণহীন বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ইচ্ছেমতো বাড়িভাড়া বৃদ্ধি এবং বাড়িওয়ালা কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে চট্টগ্রামের ভাড়াটিয়ারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইচ্ছেমতো বাড়িভাড়া বৃদ্ধি এবং বাড়িওয়ালা কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে চট্টগ্রামের ভাড়াটিয়ারা। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত 'নিয়ন্ত্রণহীন বাড়িভাড়া বিরোধী নাগরিক আন্দোলন' আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে দুইশরও বেশি ভাড়াটিয়া এ প্রতিবাদ জানান। এতে বেশ কয়েকজন বাড়িওয়ালাও সংহতি জানিয়ে অংশ নেন। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বাড়িভাড়া বাড়ানোর ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করাসহ তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে আয়োজকরা বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৯১ যুগোপযোগী, আইনটির বাস্তবায়ন ও প্রয়োগে সিটি করপোরেশন ও গৃহায়ণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ, নির্ধারিত রশিদের মাধ্যমে ভাড়া আদায়, অগ্রিম নেওয়া বন্ধ করা এবং বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার আচরণ বিধি প্রণয়ণের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, বাড়িওয়ালারা বছর বছর ইচ্ছেমতো বাড়ি ভাড়া বাড়িয়ে ভাড়াটেদের ওপর জুলুম করছেন। এমনকি জামানতের নামে ইচ্ছেমতো অগ্রিমও আদায় করছেন। যা অন্যায় ও অযৌক্তিক। বক্তারা বাড়িওয়ালাদের ভাড়াটিয়াদের প্রতি সহনশীল আচরণের অনুরোধ জানিয়ে নিয়মতান্ত্রিকভাবে ভাড়া বাড়ানোর আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন- রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ওমর কায়সার, চট্টগ্রাম সংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুস্তাফা নঈম, নারীনেত্রী রেখা চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চিফ রিপোর্টার আলী হায়দার, আয়োজকদের পক্ষে শরীফ চৌহান, সাংবাদিক রমেন দাশগুপ্ত, কল্লোল দাশ ও প্রীতম দাশ। এছাড়া ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, সমাজ সমীক্ষা সংঘ, উন্নয়ন সংস্থা বর্ণালী, আইইডি, নারী প্রগতি সংঘ, চট্টগ্রাম পরিবেশ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ও ভুক্তভোগী ভাড়াটিয়ারা অংশ নেন। আয়োজকরা জানান, বাড়িভাড়া নিয়ন্ত্রণের দাবিতে ভবিষ্যতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি ও চট্টগ্রাম নগর ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/পিডি/১৮২৬ ঘ.