২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার, সৎ পিতাসহ গ্রেপ্তার চার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাজিপুর চক থেকে সোমবার সকালে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাজিপুর চক থেকে সোমবার সকালে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৎ পিতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শওকাত-উল-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন বছরের শিশু ইমরানকে চারদিন আগে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শিশুটির সৎপিতা নুরুল হক, নুরুল হকের পিতা বাহার উদ্দিন, মা রৌশন আরা ও মামা শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা গ্রামের মান্নান খোন্দকারের মেয়ে হাসনা বেগম এক বছর আগে ঢাকার ধামরাই উপজেলার নান্দেশ্বরীর বাহার উদ্দিনের ছেলে নুরুল হককে বিয়ে করে। হাসনার আগের পক্ষের ছেলে ইমরান। নুরুল হক গত বুধবার ইমরানকে বেড়ানোর কথা বলে নগরকান্দা থেকে সাটুরিয়ায় তার মামার শুকুর আলীর বাড়িতে নিয়ে যায়। রাতে সে ইমরানকে গলা টিপে হত্যা করে লাশ সাটুরিয়া উপজেলার হাজিপুর চকে পুতে রাখে। সোমবার সকাল ১০টার দিকে হাজিপুর চক থেকে ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৫৪৪ ঘ.