ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে চাঁদা না পেয়ে একজন দোকান কর্মচারীকে খুন করেছে দুষ্কৃতকারীরা।
রোববার রাত পৌনে ৮টার দিকে পল্লবীর কালসী ১২/ই, ডি-৫৭ নম্বর হোল্ডিংয়ে একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত পৌনে ৮টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী দোকানটিতে এলোপাথারি গুলি ছুড়লে সজীব (২২) নামে এক দোকানকর্মী গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।"
এসআই মজিবর জানান, দোকানটির মালিকের কাছে সন্ত্রাসীরা কিছুদিন আগে একলাখ টাকা চাঁদা চেয়েছিল। তা না দেওয়ার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২০৭ ঘ.
bdnews24