ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সলিমুল্লাহ হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ তদন্তে গঠিত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন দেয়নি। সন্তানকে ফিরে পেতে এখনো হাসপাতালেই অবস্থান করছেন নবজাতকের মা।
রোববার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবজাতকের বাবা শফিকুল ইসলাম জানান, তাদের শিশু চুরির অভিযোগ তদন্তে ৭ ডিসেম্বর কমিটি গঠিত হয়। ৮ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এখনও কোন প্রতিবেদন দেয়নি।
নবজাতক চুরির অভিযোগ তদন্তে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের করা কমিটির সদস্যরা হলেন, হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ফিরোজ আহমেদ কোরাইশি, শিশু সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আবু জাফর ও সহকারী উপ-পরিচালক নাহারিনা নাসরিন।
শফিকুল বলেন, "৬ ডিসেম্বর সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে আমার স্ত্রী তাসলিমা সন্তান জন্ম দেন। আমাকে বলা হয় একটি কন্যা সন্তান হয়েছে। ওদিকে হাসপাতালের রেজিস্ট্রারে লেখা হয়, একটি ছেলে বাচ্চা হয়েছে। কিন্তু ২ মাস আগে সলিমুল্লাহ হাসপাতালেরই আল্ট্রা-সনোগ্রামের রিপোর্টে বলা হয়, তাসলিমার গর্ভে জমজ বাচ্চা রয়েছে। "
শফিকুল ইসলাম আরো বলেন, "সন্তান ভুমিষ্ঠ হওয়ার পর হাসপাতালের আয়া লিলি বেগম আমাকে ও আমার আত্মীয়দের জানান, একটি ছেলে ও একটি মেয়ে বাচ্চা হয়েছে। লিলি বেগম আমাদের কাছ থেকে ২টি নবজাতকের জন্য সাবান ও কাপড় নেন। কিন্তু আমার ছেলেটিকে অন্য কোথাও সরিয়ে রেখে বা চুরি করে আমাদেরকে শুধু মেয়ে বাচ্চাটি দেওয়া হয়েছে।"
এসময় তাসলিমার বোন কান্না জড়িত কণ্ঠে বলেন, "আমরা তিন বোন। তাসলিমা ছাড়া আর কারো বাচ্চা হয় না। আমরা আমাদের বাচ্চা ফিরে চাই। যারা আমাদের বাচ্চা চুরি করেছে তাদের শাস্তি চাই।"
ফোনে তাছলিমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাচ্চা না পাওয়া পর্যন্ত আমি হাসপাতাল থেকে যাব না। আমার সন্তান জন্মদানের পর ২১ দিন চলে গেছে। আমি এখনো সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডের ৫০ নম্বর বেডে অবস্থান করছি।"
হাসপাতালটির উপ-পরিচালক মো. আবুল হাসেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাইনি বিভাগের ৩ নম্বর ইউনিটে তাসলিমা বেগম নামের একজনের একটি কন্যা সন্তান হয়। তবে তার জমজ সন্তান হয়েছে দাবি করে মঙ্গলবার সন্তান চুরির অভিযোগ আনেন তাসলিমার স্বামী শফিউল হোসেন।"
দুই মাস আগে সলিমুল্লাহ হাসপাতালে করা আলট্র্রাসনোগ্রাম প্রতিবেদনের ভিত্তিতে এ অভিযোগ করা হয় বলে জানান উপ-পরিচালক। ওই প্রতিবেদনে জমজ সন্তানের কথা উল্লেখ করা হয়।
তদন্ত কমিটিকে আট দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/১৯২৫ ঘ.
bdnews24