২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৮

ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ চলাকালে পুলিশ ও মোটরশ্রমিকদের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন বলে শ্রমিকরা অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ চলাকালে পুলিশ ও মোটরশ্রমিকদের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন বলে শ্রমিকরা অভিযোগ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ শ্রমিক, তিনটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস আটক করে মৌলভীবাজার থানায় নিয়ে যায়। জেলা সদরের কোর্ট রোডে রোববার বেলা ১২টা থেকে প্রায় দুইঘণ্টা শ্রমিক-পুলিশের এই সংঘর্ষ চলে। এ সময় শ্রমিকরা রাস্তায় গাড়ি রেখে অবরোধ করে। পরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা তানজিয়া বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কোর্ট রোডে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের কাজ চলছিল। এ সময় কাজে বাধা দেওয়ায় পুলিশ চার মোটরশ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। চৌমোহনা কার ও মাইক্রোবাস স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিছবাউদ্দিন খান আদিল বলেন, ভ্রাম্যমাণ আদালতের পুলিশ অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে চার মোটর শ্রমিককে মারধর করে থানায় নিয়ে যায়। তাদের মুক্তির দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করলে তারাও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিপেটায় রাজন পাল নামে এক দোকান কর্মচারীর মাথা ফেটে যায় বলে তিনি দাবি করেন। আটকদের মধ্যে রয়েছেন- চৌমোহনা কার ও মাইক্রোবাস স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিছবাউদ্দিন খান আদিল, আবদুল আহাদ টিপু, খালেক, আমির, রিপন, হিফজুর রহমান ও সোহাগ। বাকিদের নাম জানা যায়নি। মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সঞ্জিত কুমার দেব বলেন, পুলিশের লাঠিপেটায় মিছবা উদ্দিন আদিলসহ ৮-৯ জন শ্রমিক আহত হয়েছেন। তবে তিনি তাদের নাম বলতে পারেননি। আহতদের পুলিশ হাসপাতালে না পাঠিয়ে উল্টো আটক করে থানায় নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাজে বাথাদান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে ১০-১২ জন মোটর শ্রমিক ও চারটি গাড়ি পুলিশ আটক করেছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি বলে তিনি জানান। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জেলা আইনশৃংখলা সমন্বয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়েছে। এর আগেও কয়েকদফা এটি উচ্ছেদ করা হয় বলে তিনি সাংবাদিকদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৭ ঘ.