ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া ও পটুয়াখালীতে রোববার দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনের পাশের এলাকা থেকে সবুরা খাতুন (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান।
পুলিশ বলেছে, শনিবার দিবাগত গভীর রাতে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে।
কুষ্টিয়া সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সবুরা কুষ্টিয়া কোর্টপাড়ার বাসিন্দা। তিনি স্বামী পরিত্যক্তা।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা সবুরাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। তার গলায় পরনের শাড়ি প্যাঁচানো ছিলো।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে দুপুরে থানায় হত্যা মামলা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পটুয়াখালী প্রতিনিধি জানান, শহরের পুলিশ লাইনের পাশের বালুর মাঠ এলাকা থেকে নূর আলম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিহত নূর আলম পটুয়াখালী শহরে রিকশা চালাতেন বলে সদর থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান।
তিনি জানান, পুলিশ নিহত নূর আলম হওলাদারের বড় ছেলে আমির হোসেন (২০) ও ছেলে বউ তাছলিমা বেগমকে (২০) থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।
নূর আলমের স্ত্রী রানী বেগম সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। সকালে বাসার পাশের বালুর মাঠে তার জবাই করা লাশ দেখতে পান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩০ ঘ.
bdnews24