ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খিলক্ষেতে অগ্নিকাণ্ডে নিহত ছয় জনের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে শনিবার বেলা ৩টায় ঢাকা জেলার নির্বাহী হাকিম মো. জসিম উদ্দিন এ টাকা প্রদান করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশ দাফন ও পরিবহন খরচ বাবদ এ টাকা দেওয়া হয়েছে।"
চিকিৎসা ব্যয় মেটাতে আহত পাঁচ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে টাকা দেওয়া হচ্ছে।
ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইকরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতের মধ্যে তিন জনের স্বজনদের টাকা দেওয়া হয়েছে। অন্য দুজনের পরিবার এলে তাদেরও অর্থ দেওয়া হবে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় একটি গুদামে আগুন লাগে। গুদামটিকে পুলিশ প্রথমে গুডনাইট মশার কয়েলের কারখানা বললেও শনিবার সকালে সেখানে গিয়ে গুডনাইট অ্যারোসলের গুদামের নজির পাওয়া যায়।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক মো. রোকনুজ্জামান শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুদামটি ভারতীয় প্রতিষ্ঠান গোদরেজ সারা লী (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের বলে বদরুল ইসলাম নামে এক কর্মকর্তা স্বীকার করেছেন।
বাংলাদেশে গোদরেজের ব্যবস্থাপক বদরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওটা আমাদের একটি গোডাউন। সেখানে কোনো ধরনের সামগ্রী তৈরি হয় না।"
অগ্নিকাণ্ডে ছয় জন নিহত এবং পাঁচ জন আহত হলেও তিনি বলেন, "সেখানে আমাদের এত লোক থাকার কথা নয়।"
অগ্নিকাণ্ডের এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
খিলক্ষেত থানার পুলিশ কর্মকর্তা রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্বজনরা দাফন শেষ করার পর থানায় মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭৪০ ঘ.
bdnews24