টাঙ্গাইল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহৃত বাংলাদেশিদের উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার।
শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবে এক সম্মেলনে অপহৃত শফিউল আলম খোকন ও আমিনুল ইসলাম এবং লাভলু রহমানের পরিবার এ আহ্বান জানায়।
গত ১৭ ডিসেম্বর বলখ্ প্রদেশের মাজার শরিফের কাছ থেকে সামহোয়ান কর্পোরেশনের অধীনে কর্মরত সাত বাংলাদেশিকে অপহরণ করে এক দল বন্দুকধারী।
শফিউল (৪৫) এবং তার ভাতিজা আমিনুলের (৩২) বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাগুটিয়া গ্রামে এবং লাভলুর (৪৫) বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ঘোষের গাগরজান গ্রামে।
শফিউলের স্ত্রী নাসিমা আক্তার জানান, তার স্বামী পাঁচ বছর ধরে বলখ প্রদেশে সামহোয়ান কর্পোরেশন লিমিটেডের সার্ভেয়ার হিসেবে কর্মরত।
তিনি বলেন, "সর্বশেষ দুই বছর আগে তিনি দেশে এসেছিলেন। এ মাসেই আবার তার দেশে আসার কথা ছিলো।"
শফিউলের দুই মেয়ে হাবিবুন নাহার পিউ (১২) ও তাহমিনা আক্তার মুন্নি (৮) কান্নাজড়িত কণ্ঠে তার বাবাকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়।
আমিনুলের স্ত্রী বিলকিস আক্তার জানান, তার স্বামী ছয় বছর ধরে আফগানিস্তানে রয়েছেন। সর্বশেষ দুই বছর আগে একবার দেশে এসেছিলেন।
তিনি বলেন, "১৭ ডিসেম্বর দুপুরে সর্বশেষ তার সঙ্গে কথা হয়।"
তাদের দুই সন্তান ইমরান (৬) ও সুমী (৩)।
লাভলুর স্ত্রী নাসরিন আক্তার জানান, আট বছর ধরে লাভলু রহমান আফগানিস্তানে চাকরি করছেন। নয় মাস আগে দেশে এসেছিলেন।
১৭ ডিসেম্বর অপহরণকারীদের হামলায় কাজী আলতাফ হোসেন নামে একজন বাংলাদেশি নিহতও হন।
অপহৃতদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে গত ১৯ ডিসেম্বর তাদের এক সহকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে কাদের ছেড়ে দিয়েছে, তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বন্দি পাঁচ বাংলাদেশির অবস্থান নিশ্চিত হয়েছে আফগান কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে এক দফা অভিযানও চালানো হয়েছে। তবে অপহরণকারীরা বাংলাদেশিদের নিয়ে সেখান থেকে সরে যায়।
আফগানিস্তানে অপহৃতদের উদ্ধারে পাকিস্তানও বাংলাদেশকে সহযোগিতা করতে রাজি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24