কক্সবাজার, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে কিছু দুর্বৃত্ত ক্লাবের সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাংচুর করে।
তারা আলমারী ভেঙ্গে ক্লাবের কল্যাণ তহবিলের পাঁচ লাখ টাকার এফডিআরের কাগজপত্র লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে।
ক্লাবের সদস্য সাংবাদিক আনছার হোসেনের ওপরও হামলা হয়েছে।
কক্সবাজার প্রেসক্লাব সভাপতি বদিউল আলম ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান দাবি করেন, সকাল ১০টার দিকে স্থানীয় সাংবাদিকদের একটি অংশ বিক্ষোভ সমাবেশ করে।
পরে সমাবেশে আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মী ছাড়াও আরো কিছু লোক যোগ দেয়।
তিনি দাবি করেন, শনিবার অনুষ্ঠেয় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বানচালের জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবর রহমান দাবি করেন, হামলাকারীরা ক্লাবের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে এবং ক্লাবের কম্পিউটার, টেলিফোন ও ফ্যাক্স মেশিন লুট করার চেষ্টা চালায়।
পরে হামলাকারীরা ক্লাবের কলাপসিবল গেইটে তালা লাগিয়ে পুরো ক্লাব দখলের অপচেষ্টা চালায়।
ঘটনা জানতে পেরে জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ বেলা পৌনে ১টার দিকে ক্লাব প্রাঙ্গণে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।
জেলা প্রশাসক ওই সময় ক্লাবের তালা খুলে দেওয়ার নির্দেশ দেন।
ওই সময় দুই দুর্বৃত্ত ক্লাবের সদস্য, দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের ওপর হামলা হয়।
আনছার জানান, সমাবেশের ছবি তুলতে গেলে বিক্ষোভকারীরা বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত তার ওপর হামলা চালিয়েছে।
তিনি জানান, হামলা-ভাংচুরের ঘটনায় কক্সবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, বিরোধ মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে কাল বৈঠক হবে।
হামলার অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রেসক্লাবে মারামারি করতে যায়নি। সাংবাদিকদের ন্যায়সঙ্গত আন্দোলনে সংহতি প্রকাশ করতেই সেখানেই গিয়েছিলাম।"
তিনি দাবি করেন, হামলা-ভাংচুরের সঙ্গে আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কেউ জড়িত নয়।
এদিকে প্রেসক্লাবে হামলা, ভাংচুরের প্রতিবাদে সন্ধ্যায় ক্লাবের সভা কক্ষে প্রতিবাদ সভা করেছে সাংবাদিকদের অপর পক্ষ।
বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
একইসঙ্গে প্রেসক্লাব থেকে লুন্ঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের এফডিআরের টাকা ও কাগজপত্র উদ্ধারের দাবি জানান।
ক্লাব সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ক্লাবের সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সাবেক সভাপতি আতাহার ইকবাল, সহ-সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24