বাগেরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তার নাম আলমগীর শেখ (২৮)। বুধবার রাতে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চিংড়াখালী গ্রামের একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।
এই হত্যাকাণ্ডের জন্য আলমগীরের দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার স্বজনরা। পুলিশ বৃহস্পতিবার সকালে ওই দু'জনকে আটক করেছে। আলমগীর চিংড়াখালীর চর গোপালপুর গ্রামের শেখ আশরাফ আলীর ছেলে।
আটককৃতরা হলো, গোপালপুরের আক্কাস শিকদারের ছেলে জুয়েল শিকদার (২৮) এবং একই ইউনিয়নের উত্তর চিংড়াখালী গ্রামের হাবিব খানের ছেলে আলাল খান (২৬)।
আলমগীরের ভাই জাহাঙ্গীর শেখ জানান, গত সোমবার চিংড়াখালী বাজার এলাকায় রাস্তায় জুয়েলের মোটর সাইকেলে চাপা পড়ে একটি মুরগি মারা যায়। এ সময় আলমগীর মুরগির মালিককে ক্ষতিপূরণ দিয়ে যাওয়ার জন্য জুয়েলের মোটর সাইকেলের গতিরোধ করে।
এই নিয়ে সেখানে জুয়েল ও আলালের সাথে আলমগীরের হাতাহাতি হয়। পরে স্থানীয় মুরুব্বীরা বিষয়টি মিমাংসা করে দেন। বুধবার সন্ধ্যায় চিংড়াখালী বাজারে জাহাঙ্গীরের দোকানের সামনে থেকে আলাল ও জুয়েল আলমগীরকে ডেকে নিয়ে যায়।
রাত ৮টার দিকে বাজারের নিকটবর্তী একটি বাগানের ভেতরে চিৎকার শুনে এলাকাবাসী সেখানে গিয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আব্দুল খালেক জানান, আলমগীরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আলমগীরের দুই বন্ধুকে আটক করেছে। একটি মুরগির মৃত্যুকে কেন্দ্র করে এদের সাথে কয়েকদিন আগে আলমগীরের বিরোধ হয়েছিল।
ওসি জানান, আলমগীরের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।
ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে আলমগীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০৪ ঘ.
bdnews24