২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্যাঞ্চলে গোয়েন্দা নজরদারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাড়া মেলেনি

পার্বত্য অঞ্চলে দাতা সংস্থাসমূহের কার্যক্রমের ওপর বিশেষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে নজরদারির জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবদেক ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পার্বত্য অঞ্চলে দাতা সংস্থাসমূহের কার্যক্রমের ওপর বিশেষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে নজরদারির জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। এ বছরের ১২ এপ্রিল পার্বত্য অঞ্চলে দাতা সংস্থাসমূহ এবং বিভিন্ন সাহায্য সংস্থার অর্থায়নে পরিচালিত শত শত এনজিও'র কার্যক্রম নজরদারির জন্য গোয়েন্দা সংস্থা নিয়োজিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠকে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক গ্র"পসমূহ এবং দাতা সংস্থাগুলোর কার্যক্রম ও গতিবিধি বিশেষ সংস্থার মাধ্যমে নজরদারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধের সুপারিশ করা হয়। এর আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ ধরনের নজরদারির অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। বুধবার সংসদ ভবনে স্থায়ী কমিটির ১২তম বৈঠকে মন্ত্রণালয় ওই সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে এক পত্রে বলেছে, "এ বিষয়ে গত ১২ এপ্রিল স্বরাষ্ট্র সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। এ পর্যন্ত এর কোনো জবাব পাওয়া যায়নি।" এদিন এ পর্যন্ত বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার কথা ছিল বৈঠকে। বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪ জানুয়ারির পর পরবর্তী বৈঠকে আমরা এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো।" স্থায়ী কমিটির ওই সুপারিশের যৌক্তিকতা প্রতিপন্ন করতে গিয়ে তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষাখাতে দাতাদের অর্থায়নে ৮শ'রও বেশি এনজিও কাজ করেছে। কিন্তু তাদের অর্জন উল্লেখযোগ্য নয়। এমনও দেখা গেছে ৩-৪জন শিক্ষার্থী নিয়ে একটি স্কুল চালাচ্ছে ১২ জন শিক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২১০০ ঘ.