সাতক্ষীরা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিডিআর।
বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার বৈকারি সীমান্ত থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের হাবিলদার গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ পথে বাংলাদেশে গরু নিয়ে আসায় তাদেরকে আটক করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোনোয়ারা খাতুন বলেন, এ ব্যাপারে বৈকারি ক্যাম্পের নায়েক মোস্তাফিজ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
আটকরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার জয়নগর গ্রামের অরুণ সরকার (২১), মফিজুল গাজী (১৫), আবু জাফর গাজী (২০), রাকেশ সরকার (১৮), রতন মন্ডল (৩৫), কাটিয়া গ্রামের আশরাফ আলী সরদার (২০), রামনগর থানার ডায়মন্ড হাবড়া গ্রামের হাফিজুল মোল্লা (৩৫), স্বরুপনগর থানার ভাদুড়িয়া গ্রামের কৃষ্ণ দাস (১৮), মন্টু মন্ডল (১৫), সামছুর মন্ডল (১৭), রাজিবুল সরদার (১৭), মিজানুর রহমান মণ্ডল (২০) ও বাদল গাজী (২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24