খুলনা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বণিক সমিতি নির্বাচনে সাধারণ শ্রেণীতে খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে।
১২টি পদের মধ্যে কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ ১০টি পদ লাভ করেছে। এ ফলে কাজী আমিনুল হক নিশ্চিত সভাপতি হচ্ছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
সহযোগী শ্রেণীতে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে সমমনা ব্যবসায়ী পরিষদ। সহযোগী শ্রেণীতে ৬টি পদের মধ্যে ৪টি পেয়েছে সমমনা ব্যবসায়ী পরিষদ এবং অবশিষ্ট দুটি পেয়েছে ব্যবসায়ী ঐক্য পরিষদ। নির্বাচনে সাধারণ শ্রেণীতে ১ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২ জন এবং সহযোগী শ্রেণীতে ৮৮৩ জন ভোটারের মধ্যে ৮০৩ জন ভোট প্রদান করেন।
খুলনার ডাক বাংলা মোড়ে লোয়ার যশোর রোডে চেম্বার ভবনে সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোমবার দিবাগত রাত ২ টায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে জানা যায়, কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ শ্রেণী প্যানেলের বিজয়ীরা হলেন শরীফ আতিয়ার রহমান (প্রাপ্ত ভোট-৭৭৬), এস এম ওবায়দুল্লাহ (প্রাপ্ত ভোট-৬৩৬), কাজী শাহনেওয়াজ (প্রাপ্ত ভোট-৬৩১), মো. শাহাদাত হোসেন বাদশা (প্রাপ্ত ভোট-৬০৬), মো. রকিবুল জাহিদ (প্রাপ্ত ভোট-৬০৩), এস এম নুরুল হুদা মুন্না (প্রাপ্ত ভোট-৫৯২), আব্দুল বাসার পাটওয়ারী (প্রাপ্ত ভোট-৫৮৯), মো. মোস্তফা কামাল পাশা (প্রাপ্ত ভোট-৫৮২), মো. তোফাজ্জেল হোসেন (প্রাপ্ত ভোট-৫৭৭), এম এ মতিন পান্না (প্রাপ্ত ভোট-৫৫৫)।
অপরদিকে মো. হাফিজুল ইসলাম চন্দন ও ফরহাদ আহমেদ আকন্দ পম্পির নেতৃত্বাধীন খুলনা ব্যবসায়ী কল্যাণ পরিষদের বিজয়ী দু'জন হলেন মো. এমদাদুল হক খালাসী (প্রাপ্ত ভোট-৬১০) ও মো. ওমর ফারুক মিঠু (প্রাপ্ত ভোট-৬৫৩)।
এদিকে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সহযোগী শ্রেণীতে সমমনা ব্যবসায়ী পরিষদ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এ পরিষদ ছয়টি পদের মধ্যে চারটি পদে জয়লাভ করেছে। অপরদিকে খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে দুইজন জয়লাভ করেছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে জানা যায়, সমমনা ব্যবসায়ী পরিষদের বিজয়ী চারজন হলেন, কাজী হাফিজুর রহমান (প্রাপ্ত ভোট ৫১৫), শেখ গাউছুল আজম (প্রাপ্ত ভোট ৪৫৮), মো. আলী আকবর টিপু (প্রাপ্ত ভোট ৪২৭) এবং এসএম খালিদ হোসেন পিউ (প্রাপ্ত ভোট ৪১২)।
খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের বিজয়ী দুইজন হলেন মো. আমিনুল ইসলাম মুন্না (প্রাপ্ত ভোট ৩৯১) এবং মো. মোস্তফা জেসান ভুট্টো (প্রাপ্ত ভোট ৩৮৬)।
এছাড়া বাণিজ্যিক শ্রেণীতে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র কাজী আমিনুল হক এবং আওয়ামী লীগ নেতা আলহাজ সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্যানেল খুলনা ব্যবসায়ী কল্যাণ পরিষদ সংখ্যা গরিষ্ঠতা লাভ না করায় সংখ্যাগরিষ্ঠ প্যানেল খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে স্বাভাবিকভাবেই সভাপতি নির্বাচিত হবে। আর সেক্ষেত্রে কাজী আমিনুল হক হচ্ছেন খুলনা চেম্বারের আগামী সভাপতি।
তফসিল অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪ টায় সভাপতি পদে কাজী আমিনুল হক এবং উর্ধ্বতন সহ-সভাপতি পদে কাজী শাহনেওয়াজ এবং শাহাদাত হোসেন বাদশা মনোনয়নপত্র দাখিল করবেন।
চেম্বারের নির্বাচনে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে অধ্যক্ষ জাফর ইমাম চেয়ারম্যান এবং সাংবাদিক মকবুল হোসেন মিন্টু ও মো. ইসরাইল হোসেন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩১ ঘ.
bdnews24