২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের চাপ নেই চুলায়, দুর্ভোগ মগবাজারে

চুলায় গ্যাসের চাপ কম থাকায় রাজধানীর বড় মগবাজার এলাকার বাসিন্দারা সময়মতো রান্না করতে পারছে না অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 05:35 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুলায় গ্যাসের চাপ কম থাকায় রাজধানীর বড় মগবাজার এলাকার বাসিন্দারা সময়মতো রান্না করতে পারছে না অভিযোগ করেছেন। বড় মগবাজারের গ্রীণওয়ে এলাকার বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তিতাস গ্যাস বিতরণ কর্তৃপক্ষ বলছে, কম ব্যাসার্ধের পাইপ লাইনের জন্য এ সমস্যা হতে পারে। যার সমাধানের আশ্বাসও দিয়েছে তারা। গ্রীণওয়ে এলাকার বাসিন্দা একটি বেসরকারি স্কুলের শিক্ষক হুমায়ন কবির মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত আট মাস ধরে চুলায় গ্যাসের চাপ খুবই কম। মধ্যরাতে মাঝে মাঝে কিছুটা গ্যাস এলেও তা থাকে না।" এজন্য ওই এলাকার প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান তিনি। একই গৃহিণী তাসলিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চুলায় গ্যাস থাকে না। রাত ১১টার পর সামান্য গ্যাস পাওয়া গেলেও তখন রান্না করা সম্ভব হয় না।" গ্যাসের চাপ কম থাকায় নিরূপায় হয়ে অনেকে বাড়ির ছাদে কাঠ দিয়ে কিংবা এলপি গ্যাস সিলিন্ডার কিনে রান্না করছেন জানান তিনি। গ্রীণওয়ে এলাকায় বসবাসরতদের সংগঠন গ্রীণওয়ে সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. হাফিজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই এলাকায় ১৯৭৪-৭৫ সালে দুই ইঞ্চি ব্যাসের পাইপের মাধ্যমে চুলায় রান্না করার জন্য গ্যাস সংযোগ দেওয়া হয়। ৩৫/৩৬ বছরে জনসংখ্যা কয়েকগুণ বাড়লেও এখনো পাইপ লাইন পরিবর্তন করা হয়নি।" তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার বলা দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই এলাকার সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।" এতদিন কেন উদ্যোগ নেওয়া হয়নি জানতে চাইলে তা এড়িয়ে তিনি বলেন, "অনেক এলাকার পাইপ লাইন পরিবর্তন করা হয়েছে। যদি ওই এলাকায় দুই ইঞ্চি ব্যাসের পাইপ থাকে, তা পরিবর্তন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১১৩০ ঘ.